নেপালের নতুন প্রধানমন্ত্রী কৈরালা
‘নেপালি কংগ্রেস পার্টি’ প্রধান সুশীল কৈরালাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে নেপাল। গণপরিষদ নির্বাচনের প্রায় তিনমাস পর অবশেষে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হল।
নেপালের পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল’ (ইউএমএল)এর সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৭৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সুশীল কৈরালা।নেপালের সবচেয়ে বড় দল নেপালি কংগ্রেস পার্টির এ নেতাই ছিলেন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী। পার্লামেন্টে ৫৫৩ ভোটের মধ্যে তার পক্ষে পড়ে ৪০৫ ভোট।নেপালে গত নভেম্বরের নির্বাচনে কোনো পার্টিই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল। কৈরালা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সে অচলাবস্থা কাটল। এখন দেশের জন্য নতুন একটি খসড়া সংবিধান তৈরির কাজে নেতৃত্ব দেবেন তিনি।
