ইতালিগামী ১১শ’ অভিবাসী উদ্ধার
সমুদ্রে রাবারের নৌকায় ভাসমান অবস্থায় ২৪ ঘন্টায় ১১২৩ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ১২০ মাইল দক্ষিণ-পূর্বে আটটি নৌকা ও একটি বার্জে এই সব অভিবাসীদের পাওয়া যায়।এদের মধ্যে ৪৭ জন নারী, যাদের চারজন সন্তান সম্ভবা এবং ৫০টি শিশুও রয়েছে বলে বিবিসি জানিয়েছে।এরা সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার স্থানীয় সময় সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করে। অন্ধকার নেমে আসা পরও এই অভিযান চলে।উদ্ধার করা অভিবাসীদের ‘দ্য সান মার্কো’ নামের একটি উভচর জাহাজে রাখা হয়েছে। শুক্রবার সকালে জাহাজটির সিসিলির অগাস্তা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।যদি এই সব অবৈধ অভিবাসীরা আইন অনুসারে আশ্রয় প্রার্থনা করে তবে তাদের ইতালিতে থাকতে দেয়া হবে।তবে এজন্য কর্তৃপক্ষকে তাদের এমন প্রমাণপত্র দিতে হবে যে নিজ দেশে তারা নিগ্রহের শিকার হয়ে পালিয়েছে এবং তাদের যদি নিজ দেশে প্রেরণ করা হয় তবে তারা ক্ষতি বা মৃত্যুর মুখোমুখি হবে।গত মাসে প্রায় দুই হাজার অভিবাসী ইতালির উপকূলে প্রবেশ করেছে। ২০১৩ সালের জানুয়ারির তুলনায় যা প্রায় দশ গুণ।সরকারি হিসাব মতে ২০১৩ সালে প্রায় ৪৩ হাজার অভিবাসী অবৈধ পথে ইতালিতে প্রবেশ করেছে। যা ২০১২ সালের তুলনায় তিনগুণেরও বেশি।সমুদ্রপথে ইতালিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রতি বছর মোট কতজন অভিবাসী প্রাণ হারায় তার কোনো হিসাব নেই। তবে ২০১৩ সালের অক্টোবরে ল্যাম্পেদুসার কাছে ৪০০ জনের বেশি ডুবে মারা গেছে।এদিকে সাঁতরে স্পেনের সিউতায় পৌঁছানোর চেষ্টা করার সময় বৃহস্পতিবার পানিতে ডুবে অন্তত সাতজন অবৈধ অভিবাসী মারা গেছে।স্থানীয় কর্মকর্তারা জানান, প্রতিবেশী মরক্কোর একটি বিচে ছয়জন পুরুষ ও একজন নারীর মৃতদেহ তারা খুঁজে পেয়েছে। এদিন কয়েকশ’ অভিবাসী স্পেনে প্রবেশের চেষ্টা করেছিল।মরক্কোর কোস্টগার্ডরা জানান, তারা সমুদ্র থেকে ১৫০ জন অভিবাসীকে তুলে নিয়েছে। বাকিরা সাঁতরে উপকূলের দিকে ফিরে গেছে।এরা সবাই সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছে।এই সব অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে আশ্রয় প্রার্থনা করে। যদিও ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রতি চারটি আশ্রয় আবেদনের মধ্যে প্রায় তিনটিই বাতিল হয়েছিল।
