২ ফেব্রুয়ারিতেই নির্বাচন করবে থাইল্যান্ড
থাইল্যান্ডে কয়েক মাসের সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতার পর আরো গোলযোগের আশঙ্কার মধ্যেও ২ ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অটল সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
ব্যাংককের একটি সামরিক কমপ্লেক্সে ইংলাকের সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বৈঠক চলার সময় সরকার বিরোধী বিক্ষোভকারীদের একটি গ্রুপে গুলি হয়েছে। এতে দুইজন আহত হয়।সামনের দিনগুলোতে আরো রক্তক্ষয়ের আশঙ্কায় নির্বাচন কমিশন এর আগে ২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তত এক মাস পেছানোর সুপারিশ করে।কিন্তু থাই উপ-প্রধানমন্ত্রী পংথেপ থেপকানচানা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা নির্বাচন করব। নির্বাচন কমিশন সংবিধান কাঠামোর আওতায় নির্বাচনের ব্যবস্থা করবে এবং সহিংসতা এড়ানোর চেষ্টা নেবে”।ইংলাক পুনরায় নির্বাচনে সহজে জিতে তার আসন পাকাপোক্ত করে নেবেন বলেই বিশেষজ্ঞদের ধারণা।আন্দোলনকারীরা সর্বাত্মকভাবে এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা একটি ‘গণ পরিষদ’ চায় যারা দেশটির রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত শাসন কার্যক্রম চালিয়ে যাবে।প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বর থেকে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন তিনি।আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন।
