মুখোমুখি আলোচনায় বসছে সিরিয়ার বিরোধীপক্ষগুলো
জেনেভা-২ শান্তি আলোচনার দ্বিতীয় দিন শনিবার সিরিয়ার সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মুখোমুখি আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে শুক্রবার সিরিয়ার বিরোধী পক্ষগুলোর মধ্যে সরাসরি কোনো আলোচনা ছাড়াই প্রথম দিনটি পার হয় বলে জানিয়েছে বিবিসি।বিবিসিকে সিরীয় সরকারি প্রতিনিধি দলের একটি অংশ জানিয়েছে, আলোচনায় “সহিংসতা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা”র বিষয়টি শীর্ষে থাকা উচিত হলেও বিরোধী পক্ষগুলোর সদস্যরা “ব্যক্তিগত বিদ্বেষ” ছড়ানোকেই প্রাধান্য দিচ্ছেন।পূর্ণাঙ্গ শান্তি চুক্তির আশা বাদ দিয়ে প্রতিনিধিরা এখন ছোট ছোট বিষয়গুলোতে ছাড় দেয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন।কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে, হোমস শহরের অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর বিষয় নিয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন।বুধবার মন্ট্রিয়াতে প্রাক আলোচনা শুরু হলেও বৃহস্পতিবার ও শুক্রবার সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরবলীগের শান্তিদূত লাখদার ব্রাহিমির প্রচেষ্টা সত্বেও মুখোমুখি আলোচনায় মিলিত হতে রাজি হননি সিরিয়ার বিবদমান পক্ষগুলো।দুপক্ষের প্রতিনিধিরা শেষ খবর পাওয়া পর্যন্ত পরস্পরের সঙ্গে কথা বলতে রাজি না হলেও শনিবার সকাল-বিকাল দুটি পর্বে ব্রাহিমির মাধ্যমে যোগাযোগের মধ্য দিয়ে আলোচনা শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।শুক্রবার দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও কোনো পক্ষই বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। বরং ব্রাহিমি সিরিয়ার সরকার পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সকালে ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বিকেলে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন।ব্রাহিমির সঙ্গে সাক্ষাতের সময় সিরিয়ার সরকারি পক্ষ শনিবার থেকে “অর্থপূর্ণ” আলোচনা শুরু করার কর্মসূচী দিতে না পারলে আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করার হুমকি দেয়।শান্তি আলোচনার উদ্দেশ্য নিয়েই সিরিয়ার দুই পক্ষ মূলত বিভক্ত হয়ে আছে।সরকার পক্ষ মনে করে, আলোচনার মূল উদ্দেশ্য হওয়া উচিত বিদেশী সমর্থনপুষ্ট সন্ত্রাস বন্ধ করার রাস্তা খোঁজা; সরকার বিরোধী পুরো সশস্ত্র বিদ্রোহীদের তারা “সন্ত্রাসী” বলে অভিহিত করছে।অপরদিকে, “সংস্কারকালীন সরকারের” কাছে বাশার সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করে বিরোধীরা।সিরীয় প্রতিনিধি দলের সদস্য জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার জাফরি বলেছেন, “সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রমের ইতি ঘটানোই আলোচনার শীর্ষে থাকা উচিত।”তিনি বলেন, “আমাদের সবারই একটি এজেন্ডা থাক উচিত, কীভাবে সিরিয়ার জনগণের স্বার্থ হাসিল করা যায়, কীভাবে দৃঢ় একটি ভিত্তির ওপর আমাদের রাষ্ট্রটিকে পুনর্নির্মাণ করা যায় এবং কীভাবে সিরিয়ার জনগণের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়া যায়।”কিন্তু সিরিয়ার সরকার বিরোধী জোটের প্রতিনিধিরা “সব বিষয়েই সরকারের বিরুদ্ধে বিষোদাগারের আশ্রয় নিচ্ছে” বলে অভিযোগ করেন তিনি।
