২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে মিশর’

গত জুলাইতে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিশর ‘নজিরবিহীন’ রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে পড়েছে বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jan 2014, 12:05 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার সংস্থাটির এক প্রতিবেদনে অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচীর উপপরিচালক হাসিবা হাদজি সাহরাওয়ি এ মন্তব্য করেন।মিশরীয় কর্তৃপক্ষের গণগ্রেপ্তার, মতামত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও প্রতিবাদের অধিকার হরণকারী আইন প্রণয়ণের উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, “মিশরীয় কর্তৃপক্ষ বিরোধীদের জোরপূর্বক দমন ও মানবাধিকার পদদলিত করছে।”মিশরের সাবেক একনায়ক হোসনি মুবারকের বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যূত্থানের তিন বছর পূর্তির দুদিন আগে এ প্রতিবেদন প্রকাশ করলো অ্যামনেস্টি। ২০১১ সালে ওই গণঅভ্যূত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সেনাশাসক মুবারক।বর্তমান সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি মুসলিম ব্রাদারহুড সমর্থিত মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় এ পর্যন্ত প্রায় ১৪শ’ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যামনেস্টি। এদের অধিকাংশই “নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের কারণে” নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।“নিরাপত্তা বাহিনীকে আইনের উর্দ্ধে উঠে যথেচ্ছ বলপ্রয়োগের অধিকার দেয়া হয়েছে, ক্ষমতা অপব্যবহারের জবাবদিহিতারও কোনো সুযোগ রাখা হয়নি।”“গত সাত মাসে মিশর মানবাধিকারের ধারাবাহিক অবমাননা প্রত্যক্ষ করেছে এবং নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে পড়েছে,” বলেছেন সাহরাওয়ি।“দেশটিতে অধিকারকর্মী থেকে শুরু করে সাংবাদিক ও এনজিওগুলোর স্বাধীন পর্যবেক্ষণকে দমন করতে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে,” বলেও অভিযোগ করেন সাহরাওয়ি।অ্যামনেস্টি এসব অভিযোগ করলেও মিশরের সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের দাবী তারা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় দায়বদ্ধ।