বৈরুতে বোমা বিস্ফোরণ
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শিয়া অধুষ্যিত শহরতলীর হিজবুল্লাহ ঘাঁটিতে সন্দেহজনক বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিস্ফোরণটি ঘটিয়েছে এক আত্মঘাতী বোমা হামলাকারী।
লেবাননে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার জন্য প্রতিবেশী সিরিয়ায় গৃহযুদ্ধকে দায়ী করা হয়।
হিজবুল্লাহ গেরিলারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে লড়ছে। অন্যদিকে, লেবাননের সুন্নি মুসলিমরা সিরিয়ার বিরোধীদেরকে সমর্থন দিচ্ছে।
বৈরুতে বিস্ফোরণটি ঘটে হারেত রিক এলাকার অ্যারিড স্ট্রিটে। ঘটনাস্থলে জড়ো হয়েছিল বহু মানুষ। আল মানার টিভি কয়েকটি হিজবুল্লাহ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন।
ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অঙ্গ-প্রত্যঙ্গ আত্মঘাতী হামলাকারীর বলে মনে করা হচ্ছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
