চিলিতে ‘ইসরায়েল বিরোধী’ জার্সি নিষিদ্ধ
ইসরায়েলের সৃষ্টির আগের ফিলিস্তিনি মানচিত্রের আদলে ‘ওয়ান’ সংখ্যাটি খচিত একটি ফুটবল দলের নতুন জার্সি নিষিদ্ধ ঘোষণা করেছে চিলির ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনো নামে প্রথম বিভাগের ওই ক্লাবটি চিলিতে বসবাসকারী ফিলিস্তিনের নিয়ে গঠিত।
চিলির সান্তিয়াগো ভিত্তিক ওই ক্লাবটিকে এক হাজার তিনশ ডলার জরিমানাও করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।নতুন এই জার্সিটি পড়ে তিনটি ম্যাচ খেলেছিল ফিলিস্তিনো। কিন্তু এরপরই চিলির ইহুদি সংস্থা থেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়।জার্সির ‘ওয়ান’ সংখ্যাটিতে বোঝাতে যে মানচিত্র ব্যবহার করা হয়েছে তাতে পুরো এলাকাটি ফিলিস্তিনিদের বুঝানো হয়েছে, যা ঠিক নয় এবং এতে ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করা হযেছে বলে ফুটবল ফেডারেশন বরাবর অভিযোগ জানায় সংস্থাটি।এর প্রতিক্রিয়ায় চিলির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা যে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণের বিরোধী।ডিসেম্বরে নতুন এই জার্সিটি পরে খেলা শুরু করেছিল ফিলিস্তিনোর খেলোয়াড়রা। জার্সিতে ক্লাবটির ঐতিহ্যানুযায়ী ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে মিলিয়ে লাল, সবুজ ও কালো রঙ ব্যবহার করা হয়েছিল।
