বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল ইউক্রেন
ইউক্রেনে লাখো মানুষ সরকার-বিরোধী বিক্ষোভের ওপর নতুন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী কিয়েভে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশে নামার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
রোববার চরম ঠান্ডার মধ্যেও শহরের ইন্ডিপেনডেন্স স্কয়ারের কাছে সমবেত হয় ইউরোপীয় ইউনিয়ন-পন্থি (ইইউ) বিক্ষোভকারীরা। তারা ছড়ি নিয়ে পুলিশের ওপর হামলে পড়ে এবং পার্লামেন্টে অগ্রসর হওয়ার পথরোধ করে থাকা একটি বাস উল্টে দেয়ার চেষ্টা করে। বাসটিতে আগুন দেয় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে বিক্ষুব্ধরা।
গত দু’মাস থেকে ইইউ-পন্থি বিক্ষোভকারীদের চলমান বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করে গত বৃহস্পতিবার নতুন একটি আইন সই করেছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচ। সরকারবিরোধী রাজনীতিবিদদের ডাকে রোববার এই আইন অমান্য করে সমাবেশে জড়ো হয় জনতা।
আইন অমান্যকারীদের বিপুল অঙ্কের জরিমানা এবং জেল হতে পারে। ইউক্রেনের বিক্ষোভকারীরা এ আইনের নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র এবং ইইউ’ও আইনটির সমালোচনা করেছে।
নতুন এ আইনের বিরুদ্ধে বিরোধীরা বিক্ষোভে নামলে ইনডিপেনডেন্স স্কয়ারের প্রায় ১শ’ মিটার দূরে সহিংসতার সূত্রপাত হয়। বিক্ষোভকারীদেরকে পার্লামেন্টের দিকে যেতে বাধা দিতে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে।
এসময় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর দিকে বৃষ্টির মতো আতোশবাজি ও ইট ছুঁড়তে থাকে।
কিছু বিক্ষোভকারী দাঙ্গা-পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।ধূম্র বোমার ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায় চারিদিক।
বিক্ষোভ-সংঘর্ষে উত্তেজনা বাড়ছে এবং পরিস্থিতি বিস্ফোরণন্মুখ বলে কিয়েভ থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।
নভেম্বরে রাশিয়ার চাপের মুখে ইইউর সঙ্গে একটি রাজনৈতিক ও বাণিজ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি সই করা থেকে বিরত থাকেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এর প্রতিবাদে তখন থেকেই ইইউ-পন্থি হাজারো মানুষ কিয়েভের রাস্তায় বিক্ষোভ শুরু করে।
