বিবিসি’র সংবাদ উপস্থাপক কমলা ডুমোর মারা গেছেন
মাত্র ৪১ বছর বয়সে বিবিসি টেলিভিশনের সংবাদ উপস্থাপক কমলা ডুমোর পৃথিবী ছেড়ে চলে গেছেন। লন্ডনে নিজ বাড়িতে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে শনিবার বিবিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।১৯৭২ সালের ৩ অক্টোবর ঘানার আক্রাতে জন্মগ্রহণ করেন ডুমোর। তিনি বিবিসি’র বিশ্ব সংবাদের আফ্রিকা প্রোগ্রামে কাজ করতেন।ঘানায় সাংবাদিক হিসেবে এক দশক কাজ করার পর ২০০৭ সালে একজন রেডিও ব্রডকাস্টার হিসেবে তিনি বিবিসিতে যোগ দিয়েছিলেন। ২০০৩ সালে ঘানার বর্ষসেরা সাংবাদিক হয়েছিলেন তিনি। ঘানার প্রখ্যাত সাংবাদিকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা এক টুইটার বার্তায় লিখেছেন, “দেশ তাদের সেরা দূতদের একজনকে হারিয়েছে।”বিবিসি গ্লোবাল নিউজ এর পরিচালক পিটার হরোকস ডুমোরকে আফ্রিকার সাংবাদিকতার পথপ্রদর্শকদের একজন হিসেবে বর্ণনা করে বলেন, তিনি গভীরভাবে ডুমোরের অভাব বোধ করবেন।এক বিবৃতিতে হরোকস বলেন, “কমলার প্রতিটি সংবাদ থেকে আফ্রিকার শক্তি ও উদ্দীপনার আলো ঠিকরে বের হতো।”“কমলার অনেক বন্ধু ও সহকর্মী আফ্রিকায় ছড়িয়ে আছেন এবং এরকম একটি দু:খজনক খবর শোনার পর আমরা যেমন মুষড়ে পড়েছি তাদেরও সেই অবস্থা হবে,” গভীর দুঃখের সঙ্গে বলেন তিনি।
