সিরিয়ার বিদ্রোহীদের হামলা প্রতিরোধ আল কায়েদার
সিরিয়ায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জিহাদি জঙ্গি গোষ্ঠীগুলো সরকারবিরোধী বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করে পাল্টা হামলা চালিয়েছে। সপ্তাহ ধরে দুপক্ষের লড়াইয়ে প্রায় ৫শ’ জন নিহত হওয়ার পর পাল্টা হামলা চালালো জঙ্গি গোষ্ঠীগুলো।
শুক্রবার সিরিয়ার পূর্ব ও উত্তরাঞ্চলে এসব পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।সিরিয়ার বাশার আল আসাদ সরকারবিরোধী বিদ্রোহী অপরাপর দলগুলো আল কায়েদার সঙ্গে সম্পর্কিত ইসলামিক স্টেট অব ইরাক এবং লেভান্তের (আইএসআইএল) বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আইএসআইএল বিদ্রোহী অধিকৃত এলাকায় সিরিয়া ও ইরাক সীমান্তের একটি অংশে খলিফানিয়ন্ত্রিত ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।একটি সম্মিলিত আক্রমণের মাধ্যমে আল কায়েদা বিরোধী বিদ্রোহী দলগুলো তুরস্ক সীমান্তের আলেপ্পোর বিভিন্ন অংশের আইএসআইএল’র ঘাঁটি এলাকাগুলো দখল করে নেয়।অভজারভেটরি জানিয়েছে, আইএসআইএল যোদ্ধারা বিরোধী বিদ্রোহী দলগুলোর যোদ্ধাদের পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের তাদের দখলকৃত অংশ থেকে আবার হটিয়ে দেয়। এ সময় আলেপ্পো শহরের উত্তরপুবের আল বাব শহরে তারা ২০ জন বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করে।এদিকে বিদ্রোহীদের সঙ্গে আসাদ অনুগত বাহিনীগুলোর এক সংঘর্ষে আসাদ বাহিনীর হাতে কয়েক ডজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। বিদ্রোহীরা হমস শহরে সরকারি বাহিনীর অবরোধ ভাঙতে গিয়ে এ বিপর্যয়ের শিকার হন।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ’র খবরে হামার লড়াইয়ে ৩৭ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে খবরে সরকার পক্ষের হতাহতের কোনো সংবাদ জানানো হয়নি।এ লড়াইয়ের বিষয়ে অবজারভেটরি জানিয়েছে, বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে হমস ছেড়ে বের হওয়ার সময় ৪৫ জন বিদ্রোহীকে ঘিরে ফেলে তাদের হত্যা করে সরকার অনুগত বাহিনীর সদস্যরা।প্রায় তিনবছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আসাদ সরকার বিরোধী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি।
