২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

ইরাকের বাগদাদে সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে আসাদের ওপর আত্মঘাতী বোমা হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরো ৩৬ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jan 2014, 03:47 PM

Updated : 22 Aug 2022, 05:29 PM

সেনা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।

দেশটির পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সরকারকে সাহায্য করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য হতাহতরা ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন।

বাগদাদ সিকিউরিটি অপারেশন সেন্টারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বলেন, মুথান্না এয়ারফিল্ডে জড়ো হওয়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারী ওই হামলা চালায়। সেনাবাহিনী রাজধানীর ছোট্ট এই এয়ারফিল্ডটি নিজেদের কাজে ব্যবহার করে থাকে।

যদিও সাদ মান মৃতের সংখ্যা ২২ বলেছিলেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মর্গের রেকর্ডে ২৩টি মৃতদেহের উল্লেখ আছে।
তাৎক্ষণিকভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

তবে মাত্র একদিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি বলেছিলেন, তিনি ‘শয়তান’ আল কায়েদা ও তাদের মিত্রদের সমূলে উৎপাটন করবেন।

শিয়া নেতৃত্বাধীন ইরাক সরকার আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্প্রতি দেশটির জনগণকে স্বেচ্ছাশ্রমেরভিত্তিতে সেনাবাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

আনবার প্রদেশের মতো এলাকা যেগুলো সুন্নিদের আধিপত্য রয়েছে সেগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নীতি গ্রহণ করেছেন মালিকি।

এদিকে একই দিন ইরাকের পূর্ব রামাদিতে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় বিশেষ বাহিনীর তিনজন এবং স্নাইপারের গুলিতে বুহরিজে বিশেষ বাহিনীর দুইজন সদস্য নিহত হন।

আর স্বাস্থ্য অধিদপ্তরের একটি ভবনের কাছে গাড়িবোমা বিস্ফোরণে একজন অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

২০১৩ সালে ইরাকে রক্তক্ষয়ী সংঘর্ষ অনেক বেড়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর ইরাকে বিভিন্ন হামলায় প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

প্রতিবেশী সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর ২০১১ সালে যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের বাহিনী তুলে নেয়। এরপর থেকেই দেশটিতে সংঘর্ষ অনেক বেড়ে গেছে।