২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবযানী প্রশ্নে অটল যুক্তরাষ্ট্র, তথ্য-প্রমাণ জোগাড় চলছে

দেবযানী খোবরাগাড়ের বিচারপ্রক্রিয়া চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য আরো তথ্য-প্রমাণ জোগাড় করছেন মার্কিন সরকারি কৌঁসুলিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 05:57 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

নিউ ইয়র্কে ভরতীয় এই কূটনীতিককে গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরলেও দেবযানীর বিচার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিতে রাজি নয়।

এমনকি তাকে হেনস্তা করার ঘটনায় ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের নেই বলে কয়েকটি মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌসুলিরা দেবযানীর মামলায় আরো তথ্য-প্রমাণ একাট্টা করছেন। দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার শেষ দিন আগামী ১৩ জানুয়ারি।

১২ ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেয়ার অভিযোগে দেবযানিকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ।

গ্রেপ্তারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। পরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তারকৃত সাধারণ অপরাধীদের সঙ্গে তাকে হাজতে রাখা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতে মার্কিন কূটনীতিক ও সংশ্লিষ্টদের সুযোগ সুবিধা বাতিলসহ নানা বিরূপ পদক্ষেপ নেয়। দেবযানীকে সুরক্ষা দিতে জাতিসংঘে বদলি করে ভারত।

ভারতের বিরূপ প্রতিক্রিয়ার মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেবযানীকে হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন।

কিন্তু দেবযানীর বিরুদ্ধে মামলা তুলে নেয়ার ভারতের অনুরোধে সায় দেয়নি যুক্তরাষ্ট্র।

দেবযানী এরই মধ্যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আটকের পরপরই তিনি জামিনে মুক্তি পান। ভারত সরকার তাকে হেনস্তা করার কারণে মার্কিন সরকারকে ক্ষমা চাইতে বলেছে।