২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানের বোর শহরে দুপক্ষে তুমুল লড়াই

দক্ষিণ সুদানে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বোর শহরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 04:43 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

যুদ্ধবিরতির জন্য আফ্রিকার দেশগুলোর বেঁধে দেয়া সময়সীমা ফুরিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে মঙ্গলবার এ লড়াই শুরু হয়।

সময়সীমা পেরোনোর কয়েক ঘন্টা আগে সরকারবিরোধী বিদ্রোহীরা বোর শহরে হামলা করলে দুপক্ষে লড়াই বেধে যায়।

শহরটির জাতিসংঘ কম্পাউন্ডের অদূরে এ সংঘাত চলছে এবং ‘তুমুল লড়াই’ হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।

শহরের মেয়র নিহাল মাজাক নিহাল ফোনে রয়টার্সকে বলেন, “আমরা এখন বিদ্রোহীদের সঙ্গে লড়ছি।”

গত সপ্তাহে সেনাবাহিনী বিদ্রোহী বাহিনীর হাত থেকে বোর শহরের দখল নেয়ার পর এখন আবার বিদ্রোহীরা শহরটিতে ফিরে এসেছে এবং প্রধান সড়কগুলো দখল করে নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিদ্রোহী নেতা রিক ম্যাকারের অনুগত সেনা এবং জাতিগত নুয়ের গোষ্ঠীর তরুণদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনী ‘হোয়াইট আর্মি’ সম্মিলিতভাবে বোর শহরে হামলা করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

উগান্ডার প্রেসিডেন্ট মঙ্গলবারের মধ্যে বিদ্রোহীরা যুদ্ধবিরতি করে আলোচনা শুরু করতে রাজি না হলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।

কিন্তু রিক ম্যাকার কোনোরকম আলোচনায় যাওয়ার আগে তার দলের সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন। কিন্তু তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির।

ওদিকে, আফ্রিকান ইউনিয়ন গত সোমবার দক্ষিণ সুদানে সহিংসতার উস্কানিদাতা এবং লড়াই বন্ধে আলোচনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

দক্ষিণ সুদানে ১৫ ডিসেম্বরে এক ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতেই রিক ম্যাকারের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা করে বলে অভিযোগ করেন সালভা কির। তবে ম্যাকার এ অভিযোগ অস্বীকার করে আসছেন।