‘নিহত পুলিশের পরিবারকে ১ কোটি রূপি’
দায়িত্ব পালনরত অবস্থায় নিহত দিল্লির এক পুলিশ সদস্যের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সোমবার তিনি এ ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি।
ওইদিন অসুস্থতার জন্য কাজে যোগ না দিলেও, নিহত পুলিশ সদস্যের স্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে, তাকে দেখতে যেতে না পারার কারণে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
চিঠিতে তিনি বলেছেন, “দিল্লি সরকার, আপনার স্বামীর শহীদ হওয়াকে সম্মান জানিয়ে, শ্রদ্ধার স্মারক হিসেবে এক কোটি রুপি দেয়ার প্রস্তাব করছে। দিল্লি সরকার এবং আমি, আপনাকে ও আপনার পরিবারকে সম্ভাব্য সকল উপায়ে সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
শনিবার দিল্লি পুলিশের কনস্টেবল বিনোদ কুমার (৪৮) দক্ষিণ দিল্লিতে অবৈধ কারবারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দুর্বৃত্তদের মারধরে নিহত হন। অভিযানরত পুলিশের ওপর হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা ঝাঁপিয়ে পড়েছিল। এ সময় পুলিশের আরেক সদস্যও মারাত্মক আহত হন।
শনিবারই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নবগঠিত আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।
