দক্ষিণ মেরুতে বরফরন্দি যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার
দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকায় ভারি বরফের স্তরে আটকেপড়া জাহাজ আকাদেমিক শোকালস্কির যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
বিরূপ আবহাওয়া কিছুটা শান্ত হয়ে এলেই উদ্ধার কাজ শুরু হবে।সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির সূত্রে এ উদ্ধার পরিকল্পনার কথা জানিয়েছে বিবিসি।আটকেপড়া যাত্রীদের উদ্ধারে অস্ট্রেলীয় বরফভাঙা জাহাজের উদ্যোগ পরিত্যক্ত হওয়ার পর যাত্রীদের হেলিকপ্টার যোগে উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রাশিয়া থেকে খবর আসে।রুশ বিবৃতিতে বলা হয়, “চীনের জুয়ি লঙ জাহাজে থাকা হেলিকপ্টার ব্যবহার করে শোকালস্কির ৫২ জন যাত্রী ও চারজন ক্রু’কে উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলেই উদ্ধারকাজ শুরু করা হবে।”রুশ পতাকাবাহী গবেষণা জাহাজ শোকালস্কি প্রায় এক সপ্তাহ যাবৎ অ্যান্টার্কটিকা উপকূলে ভাসমান বরফের মাঝে আটকা পড়ে আছে। জাহাজটিতে বিজ্ঞানী, পর্যটক ও ক্রু’সহ ৭৪ জন যাত্রী আছেন।জাহাজে থাকা অভিযাত্রী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে এবং তারা নিরাপদ আছেন।অস্ট্রেলীয় বরফভাঙা জাহাজের আগে শোকালস্কির কাছাকাছি থাকা চীনা বরফভাঙা জাহাজ জুয়ি লঙ ও একটি ফরাসি বরফভাঙা জাহাজ বরফ কেটে আটকে পড়া শোকালস্কিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছিল। কিন্তু শোকালস্কির চারপাশের বরফ অত্যন্ত পুরু হওয়ায় ওই দুটি জাহাজের উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়।এরপর অস্ট্রেলিয়া থেকে আরো ক্ষমতাশালী বরফভাঙা জাহাজ অরোরা অস্ট্রালিস শোকালস্কিকে উদ্ধারে রওয়ানা হয়। এটি বরফ কেটে শোকালস্কিকে উদ্ধার করতে পারবে বলে আশা করা হচ্ছিল।কিন্তু সোমবার সকালে তীব্র প্রতিকূল আবহাওয়া ও কুয়াশাচ্ছন্নতায় কিছু দেখা না যাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিত্যক্ত করে ফিরে আসতে বাধ্য হয় অরোরা অস্ট্রালিস।২৪ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের হোবার্ট শহর থেকে ১৫শ’ নটিক্যাল মাইল দক্ষিণে, শোকালস্কি, ঝড়ো হাওয়ার কবলে পড়ে প্যাক আইস নামে পরিচিত ভাসমান বরফের মাঝে আটকা পড়ে যায়।
