অ্যান্টার্কটিকায় বরফে আটকে পড়া জাহাজ উদ্ধারের চেষ্টা
বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে পূর্ব অ্যান্টার্কটিকায় যেয়ে বরফে অবরুদ্ধ একটি অস্ট্রেলিয় জাহাজ উদ্ধারে নতুন প্রচেষ্টা শুরু করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে গবেষণা জাহাজটি অ্যান্টার্কটিকা উপকূলে ভাসমান বরফের কবলে আটকা পড়ে আছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে চীনা ও ফরাসি বরফভাঙা জাহাজ আটকে পড়া জাহাজটি উদ্ধারের চেষ্টা করলেও ভারী বরফের কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়।
রুশ মালিকানাধীন আকামেদেশিয়ান শোকালস্কি নামের জাহাজটিতে বিজ্ঞানী, পর্যটক ও ক্রুসহ ৭৪ জন মানুষ রয়েছেন। এক শতাব্দি আগে অভিযাত্রী ডগলাস ম্যাওসনের দক্ষিণ মেরু অভিযানের পথটি অনুসরণ করে নতুন বৈজ্ঞানিক অভিযাত্রায় নেমেছিল অস্ট্রালেশিয়ান অ্যান্টার্কটিক এক্সপেডিশন।
জাহাজটিতে থাকা বিবিসি’র প্রতিনিধি জানিয়েছেন, জাহাজের আশপাশের বরফে বড় বড় ফাটল দেখা গিয়েছে, এতে জাহাজটি নিজেই নিজের পথ করে নিতে পারবে বলে জাহাজের সবাই আশা করছেন।
অভিযাত্রী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে এবং তেমন কোনো বিপদজনক পরিস্থিতিতে নেই তারা।
আটকা পড়া সত্বেও বিজ্ঞানীরা তাদের গবেষণা অব্যাহত রেখেছেন এবং চারপাশের বরফের তামপাত্রা ও লবণাক্ততা পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছেন বিবিসি’র প্রতিনিধি।
উদ্ধারকাজের সমন্বয়কারী অস্ট্রেলিয়ান মেরিটাইম অথরিটি (এএমএসএ) জানিয়েছে, রোববারের মধ্যেই আটকে পড়া গবেষণা জাহাজটি উদ্ধারে অরোরা অস্ট্রালিস নামে আর একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে যেয়ে পৌঁছবে।
শক্তিশালী বরফভাঙা এই জাহাজটি ১ দশমিক ৬ মিটার পুরু বরফের চাই কেটে ফেলতে পারে। শোকালস্কি’র চারপাশে জমাট বাঁধা তিন মিটার পুরু বরফ এটি সরাতে পারবে বলে মনে করা হচ্ছে।
এই উদ্ধার অভিযান ব্যর্থ হলে শোকালস্কির যাত্রীদের চীনা বরফভাঙা জাহাজে থাকা একটি হেলিকপ্টারের সাহায্যে সরিয়ে নেয়া হবে।
