২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাবিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী ইরান

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাশক্তির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে আগ্রহী ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উদ্ধৃতি দিয়ে সোমবার জার্মানির একটি পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

রুহানি বলেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক পুনপ্রতিষ্ঠিত ও উন্নত করতে চাই।”

“আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন বাধাগুলো এড়িয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। সেইসঙ্গে গত কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে যে বিষয়গুলো নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে চাইছি।”

জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনায় বসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নীতি গ্রহণ করার কথা ঘোষণা করেন তিনি।

যদিও এখন পর্যন্ত তাদের আলোচনা তেহরানের পরমাণু প্রকল্পের মধ্যেই সীমিত রয়েছে।

নিজেদের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার পথ সহজ করতে সম্প্রতি ইরান তাদের পরমাণু কার্যক্রম সংযত করতে সম্মত হয়েছে। ২৪ নভেম্বর বিশ্বশক্তির সঙ্গে এ ব্যাপরে ইরান একটি চুক্তি সই করেছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।

গত ৬০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ইরানকে যেভাবে প্রভাবিত হতে হয়েছে সেসব কিছু তারা ভুলতে পারবেন না জানিয়ে রুহানি আরো বলেন, “এখন আমাদের অবশ্যই বর্তমানের দিকে মনযোগ দিতে হবে এবং নিজেদের ভবিষ্যতের পথে চালনা করতে হবে।“

রুহানির এই বাস্তবধর্মী কূটনৈতিক মানসিকতা এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে এসেছে।

সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রুহানির ঐতিহাসিক টেলিফোন আলাপ হয়। যা ছিল গত তিনদশকেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে প্রথম আলাপ।

২৪ নভেম্বরের চুক্তি কীভাবে কার্যকর হবে সে বিষয়ে কৌশলগত আলোচনার জন্য জেনেভায় একত্রিত হয়েছিলেন ইরান ও বিশ্বশক্তির কূটনীতিকরা। বড়দিনকে সামনে রেখে রোববার ওই আলোচনা স্থগিত করা হয়।

যদিও আলোচনায় এখন পর্যন্ত অগ্রগতি সামান্যই। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ লেখেন, আমরা আগামী সপ্তাহের শুরুতে আবার বসবো।

সব পর্যায়ের আলোচনা জটিল ছিল বলেও তিনি বর্ণনা করেন।