উদ্দেশ্য পূরণ হয়েছে, দাবি স্নোডেনের
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন বলেছেন, তিনি যা করবেন বলে স্থির করেছিলেন তা ভালোভাবেই করতে পেরেছেন।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
দেশে ও বিশ্বব্যাপী এনএসএ’র ব্যাপক গোপন গোয়েন্দা নজরদারীর কথা ফাঁস করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন স্নোডেন।
বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা স্নোডেনের সঙ্গে দুই দিনব্যাপী কথোপকথনের ভিত্তিতে প্রকাশ করা সাক্ষাৎটিতে স্নোডেন বলেন, “আমার দিক থেকে, ব্যক্তিগত সন্তুষ্টির বিবেচনায়, আমার উদ্দেশ্য ইতোমধ্যেই পূরণ হয়েছে।”
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, “মস্কোতে দুই দিনের ওই সাক্ষাৎকারটি চলার সময় তাদের সহায়তা করেছে বার্গার, পাস্তা, আইসক্রিম ও রুশ পেস্ট্রি।”
গত জুনে রাশিয়ায় সাময়িক রাজনৈতিক আশ্রয়ে আসার পর এই প্রথম মুখোমুখি বিস্তারিত সাক্ষাৎকার দিলেন স্নোডেন।
স্নোডেন বলেন, “আমি ইতোমধ্যেই জয়ী হয়েছি। যত শিগগির সাংবাদিকরা কাজ করতে সক্ষম হবেন, তাতে আমি যা করতে চেষ্টা করছি তা বৈধ বলে গণ্য হবে। কারণ, মনে রাখবেন, আমি সমাজ পরিবর্তন করতে চাইনি। সমাজ তার নিজেকে পরিবর্তন করবে কিনা, তা ঠিক করতে আমি সমাজকে এটি সুযোগ দেয়ার চেষ্টা করেছি।”
তিনি এনএসএ’কে ধ্বংস করার চেষ্ট করছেন, এমন অভিযোগ খারিজ করে দিয়ে স্নোডেন বলেন, “আমি এনএসএ’কে উন্নত করার জন্য কাজ করছি। আমি এখনো এনএসএ’র জন্য কাজ করছি। একমাত্র তারাই বিষয়টি বুঝতে পারছে না।”
গত সপ্তাহে, হোয়াইট হাউসের নিয়োগ দেয়া একটি প্যানেল এনএসএ’র প্রধান কয়েকটি নজরদারী কর্মসূচী সীমিত করার প্রস্তাব করেছে। শত শত কোটি টেলিফোন কলের রেকর্ড সংগ্রহ করার কর্মসূচীও সীমিত করার সুপারিশ করেছে এবং বিদেশি নেতাদের ওপর গোয়েন্দাগিরির আগে নতুন পরীক্ষা-নীরিক্ষা চালাতে বলেছে।
প্যানেলের এসব প্রস্তাব স্নোডেনের তথ্যফাঁসের সূত্র ধরেই তৈরি হয়েছে।
