মুম্বাইয়ে ২৬ তলা ভবনে আগুন, ৭ জনের মৃত্যু
ভারতের মুম্বাইয়ে একটি ২৬ তলা ভবনে আগুন লেগে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের ক্যাম্প কর্নার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
দমকল বাহিনী তিন ঘণ্টায় পাঁচটি অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনটির ১২ তলা থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়।
ভবনটির বাসিন্দা এক নারী আগুন লাগার প্রসঙ্গে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে যখন আমরা বাগানে বসেছিলাম ঠিক তখনই আগুনের সূত্রপাত। কিছু মানুষ বেরিয়ে আসতে পারে। লিফটও বন্ধ হয়ে যায়। ভবনের ভেতরে হাঁটার পথে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। আমরা ৭.২০ মিনিটের দিকে অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেই। রাত ৮.১৫ মিনিটের দিকে দমকল বাহিনী প্রথম গাড়ি নিয়ে এখানে প্রবেশ করে।”
অগ্নিনির্বাপক বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ১২ তলার নিচের তলাগুলোতে বসবাসকারীদের তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আর যারা ১৪ ও ১৫ তলায় বাস করতেন তাদের ছাদে পাঠিয়ে দেয়া হয়।
সন্ধ্যায় যখন আগুন লাগে তখন ১৪টি অগ্নিনির্বাপক গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু সেগুলোর মধ্যে মাত্র একটি গাড়িতে ১২ তলা পর্যন্ত উদ্ধারকারীরা যাওয়ার মতো প্রাযুক্তিক সুবিধা ছিল।
এ সময় ৪টি অ্যাম্বুলেন্সও সেবা দেয়ার জন্য প্রস্তুত ছিল।
ভবনটিতে বাসকারী এক মাহিলার সন্তান বিরাজ বলেন, “ভবনটিতে বের হওয়ার মাত্র একটি পথই ছিল। আগুনের ফলে সৃষ্ট ধোঁয়া ছড়িয়ে যাওয়ায় মানুষজন সেখান থেকে নেমে আসতে পারছিল না।”
