২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিটোরিয়ায় শেষ দিনের শ্রদ্ধায় সিক্ত ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে চিরবিদায় জানানোর তৃতীয় ও শেষ দিন শুক্রবারেও দেখা গেছে কফিন ঘিরে জনস্রোত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 11:36 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

সময় শেষ হয়ে আসতে থাকায় অনেকেই তাদের প্রাণপ্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বাঁধ ভাঙা জোয়ারের মতো পুলিশের বেষ্টনি ভেঙে এগিয়ে গেছেন কফিনের কাছে।

ইউনিয়ন বিল্ডিং এর দ্বার শিগগিরই বন্ধ করে দেয়া হবে বলে পুলিশ ঘোষণা দেয়ার পরই লাইনে দাঁড়ানো মানুষেরা তড়িঘড়ি ম্যান্ডেলার কাছে যাওয়ার চেষ্টা করে।

তাকে শেষ দেখা দেখতে আসা মানুষের ঢল এদিনও থেমে ছিল না।কিন্তু শ্রদ্ধা নিবেদনের সময় ফুরিয়ে আসায় নতুন করে আর কাউকে লাইনে না দাঁড়ানোর আহ্বান জানায় কর্তৃপক্ষ।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, যারা ম্যান্ডেলাকে দেখার অপেক্ষায় নতুন করে লাইনে দাঁড়াতে চাইছেন তাদের সবাই শেষ পর্যন্ত দেখতে পাবেন এমন নিশ্চয়তা নেই।

সময়ের অভাবে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে না পারার আক্ষেপ নিয়ে এরই মধ্যে অনেককে ফিরতে হয়েছে। পুলিশ অপেক্ষমান অনেককেই সরিয়ে দেয়ার চেষ্টা নিলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও সৃষ্টি হয়।

প্রিটোরিয়ার শোগ্রাউন্ডস এ একটি জনসমাগম এলাকায় পুলিশ মানুষের ঢল ঠেকাতে গেলে জনতা মেটাল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় ধাক্কাধাক্কিতে কেউ কেউ মাটিতে পড়ে যায়।

পরিস্থিতি সামলানোর চেষ্টার মাঝেই ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধায় সিক্ত করে একের পর এক পার হয়ে যেতে থাকে শত শত মানুষ।

ম্যান্ডেলাকে এখন নেয়া হবে আবার সেই ওয়ান সামরিক হাসপাতালে যেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল এই ইউনিয়ন বিল্ডিংয়ে।

এরপর শনিবার ওয়াটারক্লুফ মিানঘাঁটি থেকে সামরিক বিমানে করে তার মরদেহ নেয়া হবে ইস্টার্ন কেপ প্রদেশের প্রধান শহর এমথাথায়। সেখান থেকেই পরে বিমানে করে কুনু গ্রামে নেওয়া হবে কফিন।