২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় কয়েক দফা রাসায়নিক অস্ত্র হামলা হয়েছে’

সিরিয়ায় তদন্ত চালানো ৭ টি হামলার ঘটনার মধ্যে ৫ টিতেই রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে বলে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:03 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

বৃহস্পতিবার জাতিসংঘের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে। তদন্তকারীরা বলছে, ৪ টি হামলার ঘটনায় প্রাণঘাতী সারিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে। এর মধ্যে একটি হামলায় ব্যাপকমাত্রায় এ গ্যাস ব্যবহৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি তারা।

প্রতিবেদনে বলা হয়, কয়েকটি হামলার শিকার হওয়াদের মধ্যে বেসামরিক নাগরিকসহ সরকারি সেনারাও আছে। যদিও এ হামলার ঘটনা এবং এর শিকার হওয়া মানুষ এবং ঘটনার স্থানের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি।

প্রধান জাতিসংঘ তদন্ত কর্মকর্তা একে সেলস্ট্রোর্মের ৮২ পৃষ্ঠার এ প্রতিবেদনের উপসংহারে বলা হয়, সিরিয়ায় দুপক্ষের মধ্যে চলমান সংঘর্ষে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে।

মার্চে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে খান আল আসাল, এপ্রিলে উত্তরাঞ্চলীয় শহর ইদলিবের কাছে সারাকেব এলাকায় এবং অগাস্টে দামেস্কের কাছে জোবার এবং আশরাফিয়াত এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত পেয়েছেন তদন্তকারীরা।

এর আগে গত সেপ্টেম্বরে সেলস্ট্রোর্মের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ২১ অগাস্টে রাজধানী দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘৌতা এলাকায় ব্যাপক মাত্রার সারিন গ্যাস হামলায় শত শত মানুষের মৃত্যুর পরিষ্কার এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়া হয়।

আর এবার বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ও চূড়ান্ত তদন্ত প্রতিদবেদনে বিশেষজ্ঞরা সিরিয়ার জোবার, সারাকেব এবং আশরাফিয়াত শাহনায়ায় স্বল্পমাত্রায় রাসায়নিক সারিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখাই ছিল এ তদন্তের মূল লক্ষ্য। এ অস্ত্র কে ব্যবহার করেছে সে সম্পর্কিত বিষয়টি তদন্তের আওতাধীন ছিল না। সিরিয়ায় সরকার এবং বিদ্রোহী দুপক্ষই একে অপরকে রাসায়নিক অস্ত্র হামলার জন্য দায়ী করে আসছে।