২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে ২৩ কোটি শিশু জন্ম নিবন্ধনহীন

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবমতে, বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রতি তিনজনের একজনের জন্ম নিবন্ধন নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

ফলে নিবন্ধনহীন এসব শিশুদের আগামী দিনগুলোতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়াসহ আরো বেশি অবহেলা ও অসদাচরণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ইউনিসেফ।

বুধবার ইউনিসেফের ৬৭তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এ প্রতিবেদনে আরো বলা হয়, গত বছর বিশ্বে জন্ম নেয়া শিশুদের কেবল মাত্র ৬০ শতাংশের জন্ম নিবন্ধন করা হয়েছিল। বিশ্বে দক্ষিণ এশিয়া ও সাব সাহারা আফ্রিকার দেশগুলোতে শিশুদের জন্ম নিবন্ধন করানোর হার সবচেয়ে কম।

শিশুদের জন্ম নিবন্ধন সনদ থাকলে তাদের মৌলিক অধিকারকে অস্বীকার করার সুযোগ থাকে না।

ইউনিসেফের উপ পরিচালক গীতা রায় গুপ্তা বলেন, “জন্ম নিবন্ধন অধিকারের চাইতেও বেশি কিছু। এর মাধ্যমে সমাজ প্রথমে শিশুটিকে চিনতে পারে। এটা শিশুটির পরিচয় ও তার অস্তিত্বের জানান দেয়”।

“জন্ম নিবন্ধনই মূলত এই নিশ্চয়তা দেয় যে; শিশুদের ভুলে যাওয়া হয়নি, তাদের অধিকার অস্বীকার করা হয়নি বা জাতির অগ্রগতি থেকে তাদের আড়াল করে রাখা হয়নি।”

১৬১টি দেশের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করে ইউনিসেফ ‘এভরি চাইল্ডস বার্থ রাইট: ইনইকুয়ালিটিস এন্ড ট্রেন্ডস’ শীর্ষক এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

জন্ম নিবন্ধন ও জন্ম সনদকে শিশু অধিকারের রক্ষাকবচ অভিহিত গুপ্তা বলেন, সমাজ তাদেরকে গোচরে আনতে ব্যর্থ হলে তারা স্বীকৃতি পাবে না। ফলে তারা অবহেলা আর নিপীড়নের শিকার হবে।
জন্ম নিবন্ধন না করানোর কিছু কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত ফি, সংশ্লিষ্ট আইন বা প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা, সাংস্কৃতিক বাধা এবং পরবর্তী বৈষম্যের শিকার হওয়ার আতঙ্ক- ইত্যাদি কারণে মূলত বহু পরিবার তাদের শিশুদের জন্ম নিবন্ধন করায় না।

কিন্তু নিবন্ধন বা যাদের পরিচয় পত্রহীন শিশুরা প্রায়ই শিক্ষার সুযোগ, স্বাস্থ্য কার্ড এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয়।

তাছাড়া, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সংঘর্ষের কারণে শিশুরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেক্ষেত্রে নিবন্ধনহীন শিশুদেরকে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেয়াও অনেক বেশি কঠিন হয়ে পড়ে বলে জানানো হয় প্রতিবেনে।