গাঁজাকে বৈধতা দিল উরুগুয়ে
গাঁজা উৎপাদন, বিক্রি ও গ্রহণে বৈধতা দিয়েছে উরুগুয়ের সরকার। এরমধ্যদিয়ে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে প্রাচীন এই মাদকটিকে আইনি বৈধতা দিল উরুগুয়ে।
মঙ্গলবার দেশটির সংসদে ১২ ঘণ্টা বিতর্কের পর আইনপ্রণেতারা এরপক্ষে আনা বিলটিতে অনুমোদন দেন বলে বিবিসি জানিয়েছে।
বিলটিতে বলা হয়েছে, ১৮ বছরের বেশি উরুগুয়ের যেকোনো নাগরিক মাসে সর্বোচ্চ ৪০ গ্রাম গাঁজা ক্রয় করতে পারবেন। তবে এই আইন আসন্ন এপ্রিলের আগে কার্যকর হবে না।
দেশটির সরকারের বিবেচনায়, এই আইনের মাধ্যমে অবৈধ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা যাবে। তবে এর বিরোধীরা জানিয়েছেন, এরফলে মাদকের প্রতি আরো বেশি মানুষ ঝুঁকে পড়বে।
উরুগুয়ের বামপন্থী প্রেসিডেন্ট জোসে মুজাইকা সরকারের আনা এই বিলের সমর্থনে দেশটির সংসদের সামনে জড়ো হয় শত শত মানুষ।
বিলটি উপস্থাপনের পর আইনপ্রণেতা রবের্তো কোন্দে বলেন, অনিবার্য বাস্তবতাকে মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই। এরমধ্যদিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ কার্যত ব্যর্থ হল।
চলতি বছরের জুলাইয়ে ব্রাজিল সফরকালে পোপ ফ্রান্সিস উরুগুয়ের নাম উচ্চারণ না করেই দেশটিতে মাদককে বৈধতা দেয়ার পরিকল্পনার সমালোচনা করেছিলেন।
