জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন মালালা
পাকিস্তানে তালেবান হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই ২০১৩ সালের জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেয়েছেন।
নারী শিক্ষার অধিকারের দাবিতে সরব ১৫ বছরের এই কিশোরীকে টলাতে পারেনি বন্দুকের গুলিও। আর এ কৃতিত্বের জন্যই একের পর এক পুরস্কারে ভরে উঠছে তার ঝুলি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) শুক্রবার এ পুরস্কার প্রাপ্তির কথা ঘোষণা করে বলে জানিয়েছে দ্য ডন।
আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরে এ পুরস্কার বিতরণ করা হবে।
জাতিসংঘের অত্যন্ত সম্মানজনক এ মানবাধিকার পুরস্কার প্রতি ৫ বছর পরপর ঘোষণা করা হয়। এর আগে এ পুরস্কার পায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, সদ্য প্রয়াত নেলসন ম্যান্ডলা ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সারা বিশ্বে মানবাধিকার নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁদের অনুপ্রেরণা ও উত্সাহ দিতেই এ পুরস্কারের আয়োজন করা হয় বলে জানিয়েছে ওএইচসিএইচআর।
মালালা ছাড়াও আরো ৫ জন এ পুরস্কারে ভূষিত হয়েছে। তারা হলেন, মৌরিতানিয়ার বিরাম দাহ আবেইদ, কসোভোর হিলজনিজেতা আপুক, ফিনল্যান্ডের এমিরেটাস লিসা কপিনেন, মরক্কোর খাদিজা রায়াদি এবং মেক্সিকোর সাংবিধানিক আদালত।
জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পাওয়ার আগে আরো বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মালালা। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি।
