বাণিজ্যিক বিমান চলাচলে চীনকে জানাতে যুক্তরাষ্ট্রের পরামর্শ
যুক্তরাষ্ট্র সরকার দেশটির বাণিজ্যিক বিমান পরিবহন কোম্পানিগুলোকে পূর্ব চীন সাগরের ওপর দিয়ে চলাচলকারী তাদের ফ্লাইটের পরিকল্পনা চীনের কর্তৃপক্ষকে আগে ভাগে জানানোর পরামর্শ দিয়েছে।
শুক্রবার এ পরামর্শ দেয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছে, তাদের এই পরামর্শের অর্থ এই নয় যে ওয়াশিংটন চীনের নতুন আইন মেনে নিয়েছে।
চীনের নতুন আকাশ নিরাপত্তা অঞ্চলে শুক্রবার যুক্তরাষ্ট্রের দুইটি গোয়েন্দা বিমান এবং জাপানের ১০টি এয়ারক্র্যাফ্ট প্রবেশ করলে তা পর্যবেক্ষণের জন্য চীন তাদের অনুসন্ধানী বিমান পাঠায়।
চীন গত সপ্তাহে ঘোষণা দেয় তাদের নতুন আকাশ সীমা অতিক্রম করার সময় বিদেশি এয়ারক্র্যাফ্টকে অবশ্যই চীনের কর্তৃপক্ষের কাছে তাদের পরিচয় জানাতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, “যুক্তরাষ্ট্র সরকার আশা করছে আন্তর্জাতিকভাবে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বিমানগুলো বিদেশি দেশগুলোর জারি করা এনওটিএএমস (বিমান চলাচলের সময় অবহিতকরণ) এর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করবে।“
“তবে আন্তর্জাতিকভাবে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বিমানগুলো বিদেশি দেশগুলোর জারি করা এনঅটিএএমস এর সঙ্গে সামঞ্জস্য রেখে চলাচল করবে বলে আমরা যে আশা করেছি তার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র সরকার চীনের দাবি মেনে নিয়েছে।“
এর আগে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাখি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে পূর্ব চীন সাগরের ওপর দিয়ে নিরাপদে চলাচল করার পদক্ষেপ নিতে পরামর্শ দেয়া হয়েছে।
তবে এই নতুন নিয়ম বাণিজ্যিক বিমান পরিবহনের ক্ষেত্রে নাকি শুধু সামরিক এয়ারক্র্যাফ্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা তিনি জানাতে পারেননি।
এদিকে যুক্তরাষ্ট্রের একজন প্রশাসনিক কর্মকর্তা চীনের নতুন এই ব্যবস্থা সম্পর্কে রয়টার্সকে বলেন, “পূর্ব চীন সাগরের ওপর চীনের এই একপক্ষীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করবে এবং ভুল গণনা, মোকাবেলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে।“
“আমরা চীনকে সাবধানতা ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাস করা আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে জাপান এবং ওই অঞ্চলের অন্যান্য দেশ যারা এর দ্বারা প্রভাবিত হবে তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছি।“
বেইজিংয়ের নতুন এই আইনের অর্থ বিদেশি বিমান পরিবহন কোম্পানিকে আগেই তাদের ফ্লাইট পরিকল্পনা চীনকে জানাতে হবে, রেডিওতে যোগাযোগ রাখতে হবে এবং তাদের জাতীয়তা ও তালিকাভুক্তি সম্পর্কের পরিষ্কার তথ্যের জন্য চীনা কর্তৃপক্ষের অনুসন্ধানের জবাব দিতে হবে।
