তেহলকার ব্যবস্থাপনা সম্পাদক সোমার পদত্যাগ
ভারতের আলোচিত সাময়িকী তেহলকার ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরি পদত্যাগ করেছেন।
ম্যাগাজিনটির প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে এক নারীকর্মী যৌন নিগ্রহের অভিযোগ জানালে সেই বিষয়টি ‘ধামাচাপা’ দেয়ার চেষ্টা করেছেন এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেননি বলে সোমা চৌধুরির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়।
এরই পরিপ্রেক্ষিতে তার এই পদত্যাগ।
বৃহস্পতিবার সকাল ৬টায় তেহলকার সহকর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেইলবার্তায় সোমা চৌধুরি তার পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন বলে এনডিটিভি জানিয়েছে।
ইমেইলবার্তায় সোমা জানিয়েছেন, তিনি চাননা তার সততা প্রশ্নবিদ্ধ হোক।
তিনি বলেন, “গত একসপ্তা ধরে আমার বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেয়ার পাশাপাশি আমি একজন নারীর অবস্থান থেকে একজন নারীসহকর্মীর পক্ষে দাঁড়াইনি বলে আমাকে অভিযুক্ত করার চেষ্টা চলছে। বিভিন্নভাবে সুবিবেচিত নানা পদক্ষেপ নেয়ার পরও আমাকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমি আমার বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি কেননা, প্রথম পদক্ষেপেই কোন বিষয়ের প্রতি দমনমূলক অবস্থানে যাওয়া ঠিক নয়।
সোমা চৌধুরী তেহলকার ওই নারী সংবাদকর্মীর সরাসরি ঊর্ধ্বতন পদে রয়েছেন।
ইমেইলবার্তায় সোমা জানান, অভিযোগ পাওযার পরপরই তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেননি এ কারণেই যে, সাংবাদিকেরা তাকে অনুরোধ করেছিল প্রতিষ্ঠানের মধ্যেই আভ্যন্তরীণ তদন্তের ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সুরাহা করার ব্যবস্থা নেয়া হোক এবং জনাব তেজপাল তার আচরণের জন্য ক্ষমা চাইবেন।
ইমেইলবার্তায় সোমা জানান, তিনি তেহলকার এই ক্রান্তিকালেও ম্যাগাজিনটির সঙ্গে কাজ করতে চান। পাশাপাশি এও জানান, তিনি নিশ্চিত নন, তার উপস্থিতি তেহলকার জন্য ক্ষতিকর না সহায়ক হবে।
সোমা চৌধুরি অভিযোগ করেন, তার অনেক পদক্ষেপকেই গণমাধ্যমে ‘ভুলভাবে ব্যাখ্যা ও উপস্থাপন’ করা হয়েছে। একে তিনি অর্ধসত্য বলে অভিহিত করেছেন।
এর প্রায় দুই সপ্তাহ আগে তেজপাল গোয়ার একটি হোটেলে সহকর্মী এক নারী সাংবাদিক যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর স্বেচ্ছায় তেহলকা থেকে ছয়মাসের জন্য অব্যাহতি নেন তেজপাল।
কিন্তু বিষয়টি নিয়ে ভারতজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
ওই অভিযোগে তেজপালের বিরুদ্ধে ৩৭৬ ধারায় (ধর্ষণ) মামলা দায়ের করে গোয়ার পুলিশ। এ মামলায় খুব শিগগিরই গ্রেপ্তার হতে পারেন তিনি।
অভিযোগে দোষী সাব্যস্ত হলে নূন্যতম ১০ বছরের জেল থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তেজপালের।
অভিযোগ তদন্তে একটি কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে। তেজপাল ছয় মাসের জন্য পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ।
নিগ্রহের শিকার ওই নারী সংবাদকর্মীর অভিযোগ সম্পর্কে এরই মধ্যে সাময়িকীটির বক্তব্য তলব করা হয়েছে।
অভিযোগকারী সেই নারী সংবাদকর্মী বলছেন, তিনি যৌন অসদাচরণের শিকার। মেয়ের বয়েসী হওয়ার পরও এবং আপত্তি তোলা সত্বেও তার সঙ্গে একাধিকবার আপত্তিজনক আচরণ করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোমা চৌধুরীর কাছে ই-মেইলে অভিযোগ জানান তিনি। ই-মেইলটি পরে ফাঁস হয়ে যায়।
ঘটনাটি ঘটে গোয়ার একটি হোটেলে, যেখানে তেহলকার বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। ই-মেইলে ওই নারী সাংবাদিক যে অভিযোগ করেছেন তা ভারতে সদ্য চালু হওয়া নারীর বিরুদ্ধে যৌন অপরাধ আইনের আওতায় ধর্ষণের মামলা করার জন্য যথেষ্ট বলেই মানছেন পুলিশ ও আইন বিশেষজ্ঞরা।
কিন্তু সোমা চৌধুরি ঘটনাটি ধামাচাপা দিতে চাইছেন বলে অভিযোগ করে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি।
এনডিটিভি জানায়, সোমা তদন্তের স্বার্থে পুলিশের কাছে অভিযোগনামাটি দাখিল করতে বাধ্য থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারে কীভাবে আগানো হবে সে সিদ্ধান্ত নেয়ার ভার অভিযোগকারিনীর বলে মন্তব্য করেন তিনি।
ওদিকে, তেজপাল এক বিবৃতিতে তদন্তে সহযোগিতা করবেন বলে জানান। তিনি চান পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তা খতিয়ে দেখে ঘটনাটি পরিষ্কার এবং সঠিকভাবে প্রকাশ করুক।
