২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস ‘ধস’ ঘটাল সরকারের

লাটভিয়ায় সুপারমার্কেট ধস বিপর্যয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ভালদিস ডোওমব্রোওসকিসের পদত্যাগ ঘোষণার মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 06:46 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

গত বৃহস্পতিবার সুপারমার্কেট ধসের ওই ঘটনায় অন্তত ৫৪ জন নিহত হয়েছিল।

লাটভিয়া ও অন্যান্য গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বুধবার জানায়, প্রেসিডেন্ট আন্দ্রিস ব্যারজিনস এর সঙ্গে বৈঠককালে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের তিনি বলেন, “ওই ট্র্যাজেডির রাজনৈতিক দায় কাঁধে নিয়ে আমি পদত্যাগ করছি”।

“উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সক্ষম একটি সরকার এ মুহূর্তে লাটভিয়ার প্রয়োজন,” ডোওমব্রোওসকিসের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে বাল্টিক বার্তা সংস্থা ডেলফি।

লাটভিয়ার রাজধানী রিগায় গত সপ্তাহে সুপার মার্কেটের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর সমালোচনার মুখে পড়ে সরকার।

১৯৯১ সালে সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতার পর লাটভিয়ায় এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা।

এ দুর্ঘটনার কারণে লাটভিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আগেই মন্তব্য করেছিলেন ডোওমব্রোওসকিস।

লাটভিয়ার প্রেসিডেন্টও এ বিপর্যয়কে ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। ঘটনাটি খতিয়ে দেখতে বিদেশি বিশেষজ্ঞদের ডেকে পাঠান তিনি।

ডেলফি জানায়, বুধবার ডোওমব্রোওসকিসের সঙ্গে আধঘন্টার বৈঠকের সময় তাকে সুপারমার্কেট ধসের ঘটনার দায় কাঁধে নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট।

দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার সময় মার্কেটটির ছাদে একটি বাগান নির্মাণের কাজ চলছিল বলে জানা গেছে। আবার লাটভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছাদ ধসে পড়ার জন্য ত্রুটিপূর্ণ নির্মাণ কাজকে দায়ী করেছেন।

দালানকোঠা বিশেষজ্ঞরাও বলছেন, সুপারমার্কেট ভবনটির নকশায় ত্রুটি থাকতে পারে।

কয়েকটি ছবি, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বিশ্লেষণ করে এক প্রকৌশলী বলেছেন, মার্কেটটির ছাদের বিমের ডিজাইনে অসংখ্য ত্রুটি পাওয়া গেছে।