হিগস বোসন নিয়ে লেখা বইয়ের উইনটন পুরস্কার জয়
মহাবিশ্ব সৃষ্টির কারণ যে কণা সেটি আবিষ্কারে হিগস বোসনের অনুসন্ধানের গল্প বর্ণনাকারী একটি বই চলতি বছরের ব্রিটিশ রয়্যাল সোসাইটির মর্যাদাপূর্ণ উইনটন পুরস্কার জয় করেছে।
লন্ডনের কেন্দ্রস্থলে রয়্যাল সোসাইটির সদরদপ্তরে পুরস্কারটি ঘোষণা করা হয় বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি অনলাইন।
পুরস্কার পাওয়া ‘দ্য পার্টিকল অ্যাট দ্য এন্ড অব দ্য ইউনিভার্স’ বইটির লেখক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সিয়ান ক্যারোল। পুরস্কার হিসেবে ২৫ হাজার পাউন্ড পাবেন তিনি।
হিগস বোসন একটি অতিপারমাণবিক বোসন কণা। মহাবিশ্বের মূল গঠন বর্ণনাকারী আদর্শ মডেল (স্ট্যান্ডার্ড মডেল) তত্ত্বানুযায়ী ১৩ দশমিক ৭ শত বছর আগে সৃষ্ট বৃহৎ বিস্ফোরণের (বিগ ব্যাং) পর আকাশের তারা, গ্রহ থেকে শুরু করে প্রাণের উদ্ভব পর্যন্ত সবকিছুর সৃষ্টিতে কণাটি প্রধান ভূমিকা পালন করেছে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন।
আরো পাঁচটি বইয়ের সঙ্গে প্রতিযোগিতা করে ‘দ্য পার্টিকল অ্যাট দ্য এন্ড অব দ্য ইউনিভার্স’ বইটি জয়ী হয়।
অন্যবইগুলোতে প্রধানত জীবন, তার বিভিন্ন রূপ ও অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
সবগুলো বইয়ের বিষয় খুব আকর্ষণীয় হওয়ার পরও বিচারকরা সর্বসম্মতিক্রমে ড. ক্যারোলের বইটিকে পুরস্কারের জন্য মনোনীত করেন।
বিচারক প্যানেলের চেয়ারম্যান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক উটাহ ফ্রিথ পুরস্কারজয়ী বইটি সম্পর্কে বলেন, “শিল্প সুষমা ও বাস্তব রকস্টার বইয়ের এটি এক অনন্য উদাহরণ।”
“ক্যারল এমন এক শক্তি নিয়ে লিখেছেন যে পাঠকরা তার সঙ্গে এগিয়ে যেতে এবং তার মতোই আবেগায়িত হয়ে পড়ে। তিনি পাঠকের মন বুঝতে পেরেছেন এবং পাঠকের মনে কী প্রশ্ন জাগতে পারে তাও ধরতে পেরেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ ও অনবদ্য সাহিত্যকর্ম।”
পুরস্কার পাওয়াকে “পুরোপুরি অপ্রত্যাশিত” বলে বর্ণনা করেছেন ড. ক্যারোল।
তিনি বলেন, “এটি দারুণ রোমাঞ্চকর অনুভূতি। রুমে যে ছয়জন ছিল, তাদের যে কেউ পুরস্কারটি পেতে পারতো বলে আমি সত্যিই মনে করি। তাদের মধ্যে আমিই একমাত্র পদার্থবিজ্ঞানী, একমাত্র আমেরিকান। প্রতিযোগিতা করা সবগুলো বইই দারুণ আকর্ষণীয়।”
আগের উইনটন জয়ীদের মধ্যে স্টিফেন হকিং ও বিল ব্রাইসনও আছেন। পুরস্কারের রানার আপ বিজয়ীদের প্রত্যেককে আড়াই হাজার পাউন্ড করে দেয়া হয়েছে।
