নিশা বিসওয়ালের শপথ, প্রশংসা কেরির
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিশা দেশাই বিসওয়াল।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের জর্জ মার্শাল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ভারতীয় বংশোদ্ভূত নিশা বিসওয়াল।
অনুষ্ঠানে নতুন সহকারীর প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে এদেশের রাজনৈতিক সংকট নিরসনে নিশা বিসওয়াল যে কর্মতৎপরতা দেখিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
কেরি বলেন, “বাংলাদেশ সফরে নিশা প্রমাণ করেছেন যে, যুক্তরাষ্ট্রের মূল্যবোধ নিয়ে কথা বলার সুযোগ তিনি কখনোই হাতছাড়া করেন না। চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে প্রধান দুই দলের নেত্রীকে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে নির্বাচনের ক্ষেত্র তৈরিতে শান্তিপূর্ণ একটি উপায় খুঁজে বের করতে তাগিদ দিয়েছেন।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নিশা যেসব দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সেগুলোতে নানা জটিল পরিস্থিতি বিরাজ করছে। বহুমুখী চ্যালেঞ্জ-সংকটের মধ্যে রয়েছে। এসব অঞ্চলের সাথে আমেরিকার সম্পর্ক জোরদার করতে হবে আমেরিকার অগ্রগতি ত্বরান্বিত করার স্বার্থেই।”
সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়ায় হোয়াইট হাউজ ও পরররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান নিশা বিসওয়াল।
গত ১৬ নভেম্বর তিন দিনের সফরে ঢাকা আসেন নিশা বিসওয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ঢাকা ছাড়ার আগে নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য সংলাপে বসতে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান রবার্ট ও ব্লেকের উত্তরসূরি নিশা বিসওয়াল।
