২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো কঠিন: যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছতে ছয় বিশ্বশিক্তি বুধবার আলোচনা শুরুর পরপরই এ চুক্তি করা ‘খুব কঠিন’ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

ঊর্ধ্বতন এক মার্কিন আলোচক সাংবাদিকদের বলেছেন, তিনি চুক্তি হওয়া সম্ভব বলে মনে করলেও তা সত্যিই হবে কিনা তা দেখার বিষয়। কারণ, এটি খুবই কঠিন কাজ।

তিনি বলেন, “এটি খুবই কঠিন….. সহজ হলে অনেক আগেই তা হয়ে যেত”।

ওই কর্মকর্তা বলেন, ইরানের বিশেষত, তেল রপ্তানি এবং ব্যাংকিং এর ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞাই প্রাথমিক চুক্তির পর অক্ষুন্ন থাকবে এবং ওয়াশিংটন সেগুলো আরো জোরালোভাবে প্রয়োগ করবে।

ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা অব্যাহতি দেয়ার প্রস্তাব নিয়ে চুক্তিতে পৌঁছতে চাইছে ছয় বিশ্বশক্তি। গত বৈঠকে এ ব্যাপারে চুক্তির কাছাকাছি পৌঁছেছিল দু’পক্ষ।

ছয় দেশের শীর্ষ নীতিনির্ধারকরা তখন থেকেই সাময়িকভাবে আস্থা অর্জনের পদক্ষেপ নিয়ে ইরানের সঙ্গে চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছা সম্ভব বলেই মন্তব্য করে আসছেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পরমাণু চুক্তি করার জন্য সত্যিকারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন।

বুধবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক শুরুর পর ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আলোচনা ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত আলোচনা চলছে। এদিন ফ্রান্স এবং ইরানের মধ্যে বাদানুবাদ হয়েছে। ফলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা বোঝা যাচ্ছে না।

মার্কিন এক কূটনীতিক চুক্তি হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করলেও বলেছেন, বিষয়টি নির্ভর করছে ইরানের ওপর।