২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলার তাল এলাকার একটি মাদ্রাসায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দিনের প্রথমভাগে এই ঘটনা ঘটে বলে দ্য ডন জানিয়েছে।

তেহশিল তালের ডিগ্রি সমপর্যায়ভুক্ত ওই মাদ্রাসাটি লক্ষ করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। অঞ্চলটি ওই প্রদেশের তুলনামূলক শান্ত বলে পরিচিত।

জেলা পুলিশ কর্মকর্তা ইফতিখান আহমেদ জানান, হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

তবে অন্যান্যসূত্র দাবি করেছে, নিহতের সংখ্যা আট।

নিহতদের মধ্যে মাদ্রাসাটির তিনজন শিক্ষক ও বাকি পাঁচজন ছাত্র বলে জানা গেছে। নিহত শিক্ষকদের নাম আবদুল রেহমান, মৌলবী আহমেদ জান এবং মুফতি হামিদুল্লাহ হাক্কানি।

হামলার পর ওই এলাকার আকাশে ড্রোন অব্যাহতভাবে টহল দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কয়েকটিসূত্র দাবি করেছে, এই মাদ্রাসার শিক্ষকরা সম্ভবত তালেবানের হাক্কানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন।

এরআগে ১ নভেম্বর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য অঞ্চলে সর্বশেষ ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।