ইরানে নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওবামা
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তিকে চুক্তিতে পৌঁছার সময় দেয়ার জন্য এখনই ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞার প্রস্তাব না দিতে সিনেটরদের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে দু’ঘণ্টার বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ওয়াশিংটনকে আরো কঠোর হওয়ার পক্ষে মত দেয়। এর পরিপ্রেক্ষিতেই ওবামা তাদেরকে নিষেধাজ্ঞার প্রস্তাব আনা থেকে বিরত থাকতে বললেন।
হোয়াইট হাউসের এক মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারে।
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরবর্তী দফা আলোচনা জেনেভায় শুরু হওয়ার কথা রয়েছে ২০ নভেম্বর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে বিরোধ নিষ্পত্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
