আলোচনায় বসার প্রস্তাব মিশরের ইসলামপন্থী জোটের
সেনা সমর্থিত সরকার ধরপাকড় স্থগিত করলে মিশরের রক্তক্ষয়ী রাজনৈতিক সঙ্কট সমাধানে আলোচনায় বসতে রাজি আছে দেশটির ইসলামপন্থী জোট।
শনিবার জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
জোট বলেছে, জোটের আটক নেতাদের মুক্তি এবং ইসলামপন্থী প্রতিবাদকারীদের শন্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দেয়া হলে তবেই কেবল আলোচনা সম্ভব।
এছাড়া যেসব স্যাটেলাইট চ্যানেল ইসলামী মতবাদ প্রচার করতো তাদের সম্প্রচার আবার চালুর অনুমতি দেয়ার দাবিও জানিয়েছে জোট।
আলোচনার এই প্রস্তাবে ‘দুই সপ্তাহের মধ্যে সাড়া দিতে’ হবে বলে জানিয়েছেন ব্রাদারহুডের নেতা মোহাম্মদ আলি বিশর।
ব্যাপক গণআন্দোলনের মুখে গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী।
এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে এবং সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।
মুরসির পতনের পর সেনা সমর্থিত কর্তৃপক্ষ রাষ্ট্রীয় এবং ব্যক্তিমালিকানাধীন সংবাদ মাধ্যমের ওপর নজরদারি শুরু করে।
এদিকে ইসলামপন্থী জোটের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হলেও জোটের অংশ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতারা এটা সমর্থন করেছেন কিনা তা এখনো পরিষ্কার নয়।
এছাড়া বর্তমান সেনা সমর্থিত সরকার প্রস্তাবটিতে কি প্রতিক্রিয়া দেখাবে সেটাও এখনো বোঝা যাচ্ছে না।
মুরসির পতনের পর তার সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। অগাস্টে তাদের প্রতিবাদ ক্যাম্পে অভিযান চালিয়ে কয়েকশ আন্দোলনকারীকে হত্যা করে সেনাবাহিনী।
মুরসি সমর্থকরা এ সপ্তাহে আরো একটি ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে। তবে জোটের শনিবারের এই উদ্যোগ থেকে ধারণা করা হচ্ছে সংঘর্ষের সম্ভাবনাকে কমিয়ে আনতে ব্রাদারহুড তার সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে নিতে আগ্রহী।
বিশর ব্রাদারহুডের স্বল্প সংখ্যক নেতাদের মধ্যে একজন যাকে জেলে যেতে হয়নি এবং যিনি সেনা সমর্থিত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে পারেন।
মুরসির পতনের পর ব্রাদারহুডের নেতাদের ওপর ব্যাপক দমনপিড়ন চালায় সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। মুরসি এবং ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতাসহ দলের কয়েক হাজার সদস্যকে আটক করা হয়।
সরকারের অভিযোগ, ব্রাদারহুড বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। নৃশংসতার পথ ছাড়লেই কেবল তাদের রাজনীতিতে স্বাগত জানানো হবে জানিয়েছে সরকার।
