সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে ক্ষোভ আলবেনিয়ায়
সিরিয়ার রাসায়নিক অস্ত্র আলবেনিয়ায় নিয়ে ধ্বংস করা হতে পারে- এমন অনিশ্চিত কয়েকটি খবরকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির রাজধানী তিরানায়।
বৃহস্পতিবার আলবেনিয়ার পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শ’শ’ বিক্ষোভকারী জড়ো হয়ে রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে স্লোগান দেয়।
সিরিয়ার ১ হাজার টন রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য সম্ভাব্য বিকল্প স্থান হিসাবে ফ্রান্সের নাম উল্লেখ করা হয়েছিল আগেই।
তবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভান্ডার কিভাবে ধ্বংস করা হবে তা নিয়ে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন (ওপিসিডিব্লিউ) এর আলোচনা এখনো চলছে।
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে সারিন নার্ভ গ্যাস, ব্লিস্টার এজেন্ট মাস্টার্ড গ্যাস ও অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র। সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনের যন্ত্রপাতি ধ্বংসের সময় এগুলো সিল করে রাখা হয়েছিল।
আলবেনিয়া সম্প্রতি তাদের বিষাক্ত গ্যাসের ভান্ডার ধ্বংস করায় সেখানে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে গিয়ে ধ্বংসের চিন্তাভাবনা চলছে।
কিন্তু তিরানায় আলবেনীয় জনগণ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। নিরাপত্তা সংক্রান্ত দিকটিসহ পর্যটন শিল্পে অস্ত্র ধ্বংসের ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কায় তারা উদ্বিগ্ন।
তিরানায় বিক্ষুব্ধদের হাতের প্ল্যাকার্ডে লেখা, “সারিন নয়, অক্সিজেন চাই, শ্বাস নিতে চাই বুক ভরে , আলবেনিয়ায় কোনো রাসায়নিক অস্ত্র নয়”। প্রধানমন্ত্রীসহ তার উপপ্রধানরও এ বিক্ষোভে যোগ দেন।
সিরিয়া বিশেষজ্ঞের অভাবের কারণে নিজদেশের মাটিতে রাসায়নিক অস্ত্র ধ্বংসে অপারগতার কথা জানিয়েছে।
অস্ত্রগুলো অন্য কোথাও নিয়ে গিয়ে ধ্বংস করতে সহায়তা করার জন্য নরওয়ে সিরিয়ায় একটি মাল পরিবহণ জাহাজ এবং নৌ জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
