২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় মৃত ৭ টি হাতি!

ভারতের পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ২ শাবকসহ অন্তত ৭ টি হাতি মারা পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 08:20 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

ভারতে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলের বুক চিরে যাওয়া রেলপথে হাতি নিহতের ঘটনা বিরল না হলেও এতগুলো হাতি একসঙ্গে মারা পড়ার ঘটনা আগে দেখা যায়নি।

বুধবার চাপড়ামারি জঙ্গলে চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে জলঢাকা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

এ দুর্ঘটনায় এ যাবৎকালের সর্বাধিক সংখ্যক হাতি-মৃত্যুর ঘটনা ঘটল। তাছাড়া, এতে আরো কমপক্ষে ১০ টি হাতি মারাত্মক জখমও হয়েছে। ফলে আরো হাতি মারা যাওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী হিতেন বর্মন।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বুধবার বিকালে ডিব্রুগড়গামী কবিগুরু এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ৭ টি হাতি। ৪০ টি হাতির পাল রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

হাতিদের রেলওয়ে পারাপারের জায়গাগুলো বনদপ্তর নির্দিষ্ট করে দেয়ায় সেসব জায়গায় ট্রেনের গতি কমানো হলেও ওই জায়গাটিতে ট্রেনের গতি কমানোর বন দপ্তরের অনুরোধ রেলওয়ে কর্তৃপক্ষ অগ্রাহ্য করেছে বলে অভিযোগ করেছেন হিতেন বর্মন।

দুর্ঘটনাস্থলটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৬৭০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি এলাকায়।

সম্প্রতি কয়েক বছরে রেলপথ পার হতে গিয়ে অনেক হাতির মৃত্যু হয়েছে। ডিসেম্বরে ট্রেন দুর্ঘটনায় উড়িষ্যায় মারা পড়ে ৫ টি হাতি।

এ ভাবে হাতি মারা পড়তে থাকলে এলাকায় আর হাতিই খুঁজে পাওয়া যাবে না বলে শঙ্কিত সংশ্লিষ্ট কর্মকর্তারা।