২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ নিয়ে চাপে একুইনো, ১ হাজার সেনা, জাহাজ পাঠাচ্ছে জাপান

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানে বিধ্বস্ত ফিলিপাইনে দুর্গতদের ত্রাণ তৎপরতা জোরদার করা নিয়ে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বেনগনো একুইনো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2013, 11:02 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

ত্রাণের জন্য মরিয়া হয়ে থাকা মানুষদের জন্য দ্রুত খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা নিয়ে একুইনোর ওপর চাপ বাড়ছে। একইসঙ্গে স্থানীয় সরকার সচল রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়েও হিমশিম খেতে হচ্ছে তাকে।

বুধবার আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের পরও ফিলিপাইনে চালের গুদাম ও অন্যান্য ত্রাণসামগ্রী লুটপাট হয়েছে।

ফিলিপাইনে ত্রাণ কাজের সহায়তায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হলেও স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত লোকবল এবং পরিবহনের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সরবরাহ এবং উদ্ধারকাজও করা যাচ্ছে না।

এ সব কাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও অন্যান্য জাহাজ বৃহস্পতিবার সন্ধ্যাতেই ফিলিপাইন উপকূলে পৌঁছবে বলে জানিয়েছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা।

ওদিকে, জাপানও ফিলিপাইনে ত্রাণকাজের সহায়তায় ১ হাজার সেনাসহ নৌ জাহাজ ও বিমান পাঠাচ্ছে।

দুর্গত মানুষদের জন্য খাবার, পারি ও ওষুধ সরবরাহের কাজে সহায়তার জন্য জাপানের সেলফ ডিফেন্স ফোর্স থেকে ফিলিপাইনে ১ হাজার সেনা পাঠানো হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোনদেরা।

এছাড়া জাপান এরই মধ্যে ফিলিপাইনকে ১ কোটি ডলার তহবিল সাহায্যসহ ২৫ টি জরুরি চিকিৎসাসেবা দল এবং ৫০ সেনা সহায়তা দিয়েছে।

আন্তর্জাতিক এ সহায়তা ত্রাণ বিতরণে গতি সঞ্চার করবে। এছাড়া আহত হয়ে বেঁচে যাওয়া আরো অনেককে উদ্ধার করাও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এ যাবৎকালের অন্যতম সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হলেও প্রেসিডেন্ট একুইনো বুধবার মাত্র দুই থেকে আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন।

ঝড়ে সবেচেয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে লেইতি প্রদেশের প্রধান শহর ট্যাকলোবান অন্যতম।

ট্যাকলোবান থেকে বিবিসি’র প্রতিনিধি জানান, শহরটিতে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা এখনো পুরো উদ্যমে শুরু করা যায়নি। দুর্যোত মানুষের অনেকেই এখনো ত্রাণহীন।

শুক্রবার ভোরে বিশ্বে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর অন্যতম হাইয়ান ফিলিপাইনের মধ্যবর্তী উপকূলীয় প্রদেশ লেইতি ও সামার এ আঘাত হানে।

এরপর ঝড়টি পশ্চিম দিকে এগিয়ে দেশটির আরো আটটি দ্বীপ দুমড়ে-মুচড়ে দিয়ে ভিয়েতনাম ও চীন সীমান্তের ওপর দিয়ে বয়ে যায়।

পুরনো খবর:

হাইয়ানে দুই থেকে আড়াই হাজার লোক মারা গেছে : একুইনো