তিন ঘন্টায় দিল্লিতে চারটি ভূমিকম্প
তিন ঘন্টার মধ্যে চারটি মাঝারি ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী শহর দিল্লি ও এর আশপাশের এলাকাগুলো। মধ্যরাতে ভয়ার্ত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে জড়ো হয়।
মঙ্গলবার দিনের শুরুর দিকে প্রথম ভূমিকম্পটি হওয়ার পর পরবর্তী তিন ঘন্টায় এসব ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে এনডিটিভি।
প্রথম ভূমিকম্পটি হয় রাত ১২টা ৪১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক এক ছিল বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
প্রথম এ ভূমিকম্পটি তিন থেকে চার সেকেণ্ড স্থায়ী হয়। এর উপকেন্দ্র ছিল দক্ষিণ দিল্লির সৈনিক ফার্ম এলাকায় মাটির ১০ কিমি গভীরে।
রাত একটা ৪১ মিনিটে পরবর্তী ভূমিকম্পটি হয়, এর মাত্রা ছিল ৩ দশমিক তিন। এই ভূমিকম্পটি দিল্লি ছাড়াও পাশ্ববর্তী স্যাটেলাইট টাউন নোইদা ও গাজিবাবাদেও অনুভূত হয়।
এর উপকেন্দ্র ছিল আগেরটির আরো দক্ষিণে হরিয়ানা রাজ্যের গুরগাঁও ছাড়িয়ে মানেসার এর দক্ষিণ-পূর্বে।
একটা ৫৫ মিনিটে অনুভূত একটি পরাঘাতের মাত্রা ছিল ২ দশমিক পাঁচ ও তিনটা ৪০ মিনিটে অনুভূত অপর পরাঘাতের মাত্রা ছিল ২ দশমিক আট।
এসব ভূমিকম্পের সময় দিল্লির হাজার হাজার আতঙ্কিত বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারেও ভূমিকম্পের বিভিন্ন প্রতিবেদন আসতে থাকে।
