শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের তদন্ত আহ্বান যুক্তরাজ্যের
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত চায় যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, কলোম্বোয় আগামী সপ্তাহে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় প্রেসিডেন্ট রাজাপাকসেকে গৃহযুদ্ধের শেষ কয়েকমাসে সংঘটিত যুদ্ধপরাধের তদন্ত করে দেখার আহ্বান জানাবেন তিনি।
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধপরাধ সম্পর্কে মারাত্মক কিছু প্রশ্নের উত্তর দেশটিকে দিতে হবে বলে দাবি করেছেন ক্যামেরন।
কমনওয়েলথ সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতির মুহূর্তে ক্যামেরন এ মন্তব্য করলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগকে কেন্দ্র করে কানাডা এবং ভারতের প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলন বয়কট করেছেন। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলছেন, সবাই বয়কটের দলে যোগ দিলে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না।
তবে হেগ এও বলেন, যে যুক্তরাজ্য সম্মেলনে যোগ দিলে যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে আলাপ তুলবে।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সমালোচকরা বলছেন, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে কোনোরকম উঠবস করার মানে তাদের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করারই নামান্তর।
জাতিসংঘের হিসাবমতে, শ্রীলঙ্কায় ২৬ মাসের সংঘর্ষের শেষ ৫ মাসে নিহত হয়েছে মোট ৪০ হাজার বেসামরিক নাগরিক। ২০০৯ সালে লড়াই শেষ হয়।
কিন্তু শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এ ধরনের কোনোরকম ঘটনারই দায় অস্বীকার করেছে।
