২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় ৬ জনের মৃত্যু

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলের বাইরে গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ছয় জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদকরিম হুসাইন গুলেদ বিবিসিকে বলেন, হোটেল মাকা এর বাইরে ওই গাড়ি বোমা বিস্ফরণে আরো ১৫ জন আহত হয়েছেন।

হোটেলটি রাজধানীর এমন একটি প্রধান সড়কের পাশে অবস্থিত যেটাকে কর্তৃপক্ষ সাধারণত নিরাপদ বলেই বিবেচনা করেন।

মোগাদিসুতে বিবিসির প্রতিনিধি ইব্রাহিম মোহাম্মদ আদেন জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় (১৭:০০ জিএমটি) শহরের প্রশাসনিক ভবনের ভেতর থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, বিস্ফোরণের পর হোটেলের বাইরে একটি গাড়ির ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে।

এদিকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফারাহ আদেন রয়টার্সকে বলেন, নিহত ছয়জনের মধ্যে চারজন পুলিশ।

সংবাদ সংস্থাটি আরো জানায়, সেখানে চারটি গাড়ি এবং দুইটি মোটসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে।

এই বিস্ফোরণের ঘটনা ইসলামপন্থী জঙ্গিদল আল-শাবাব ঘটিয়েছে বলে স্থানীয় পুলিশের ধারণা। দুই বছর আগে আল-শাবাবকে মোগাদিসু থেকে তাড়িয়ে দেয়া হয়। যদিও তারা মাঝে মধ্যেই শহটিতে হামলা চালায়।

মাকা হোটেলটি মাকা মুকারামাহ সড়কের ওপর অবস্থিত। এই সড়ক দিয়েই বিমানবন্দর থেকে সরাসরি প্রেসিডেন্টের ভবনের দিকে যাওয়া যায়, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা মোগাদিশুর রাস্তাগুলোর একটি।