২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল-মার্টের মজুরি নিয়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল চেইন শপ ওয়াল-মার্টের কর্মীদের মজুরি বৈষম্যের বিরুদ্ধে ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক ইউনিয়নগুলোর আন্দোলনকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

আর এই বিক্ষোভে বন্ধ করে স্থান ত্যাগ করার পুলিশি নির্দেশ না মানায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের চায়নাটাউনে ওয়াল-মার্টের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই গ্রেপ্তার হওয়ার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র গস ভিলানুয়েভা। পরবর্তীসময়ে ৫শ’ ডলার জামিনের বিনিময়ে কয়েকজনকে ছেড়ে দেয়া হয় আর বাকিদের সরারাত আটক রাখা হয়।

বিক্ষোভের আয়ো্জক লস অ্যাঞ্জেলেস কাউন্টির লেবার ফেডারেশনের পরিচালক গ্লেন আরনোডো জানিয়েছেন, ওয়াল-মার্টের মজুরি বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “ওয়াল-মার্ট দীর্ঘদিন ধরে সম্পদের অসম বন্টনের উদাহরণ স্থাপন করে আসছে, যা এই মুহূর্তে দেশজুড়েই চলছে।”

শান্তিপূর্ণ এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রায় সবাই ইউনিয়নের সদস্য, যাদের মধ্যে শিক্ষক ও নার্সরা ছাড়াও সামাজিক আন্দোলনকারী ও অন্যান্যরাও ছিলেন বলে জানান তিনি।

বিক্ষোভে সত্বেও লস অ্যাঞ্জেলেসে ওয়াল-মার্টের সব বিক্রয়কেন্দ্র খোলা আছে এবং সব কর্মীরাও কাজ করছে বলে জানিয়েছেন ওয়াল-মার্টের মুখপাত্র কোরি লুন্ডবার্গ।