পরমাণু চুক্তি হবে: আশা ইরানের
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে শুরু হওয়া জেনেভা আলোচনায় দশকব্যাপী অচলাবস্থা অবসানের দ্বার খুলে দিয়ে একটি পরমাণু চুক্তি হওয়া সম্ভব বলেই আশা প্রকাশ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
আলোচনায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকলে তা হওয়া অসম্ভব না বলে বৃহস্পতিবার মন্তব্য করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোনের সঙ্গে সকালের বৈঠকের পর সাংবাদিকদের জারিফ বলেন, “প্রত্যেকে যথাসাধ্য চেষ্টা করলে, আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারি।”
জেনেভায় ইরানের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য এবং জার্মানির মধ্যে বৃহস্পতি ও শুক্র দু’দিনের বৈঠকে কোনো চুক্তি হওয়া সম্ভব কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জারিফ ওই কথা বলেন।
“আমরা আন্তরিক আলোচনা হওয়ারই আশা করছি, এটি সম্ভব”, বলেন তিনি।
বৈঠকে ছয় বিশ্বশক্তি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সামান্য তুলে নেয়ার বিনিময়ে তাদেরকে পরমাণু কর্মসূচি অবিলম্বে বন্ধ করার দাবি জানাতে পারে বলে মনে করা হচ্চে।
পশ্চিমাদের সন্দেহ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান তাদের এ কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ এবার ‘অবিশ্বাসের দেয়াল’ ভেঙে দেয়ার লক্ষ্য নিয়েই আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
তার মতো এবারের বৈঠকে চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করেছে পশ্চিমারাও।
ওয়াশিংটন অবশ্য বলছে, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি চুক্তিতে উপনীত হতে ইরান এবং ছয় বিশ্বশক্তিকে এখনো অনেক কাজ করে যেতে হবে।
মার্কিন প্রশাসনিক কর্মকর্তারাও বলেন, এখনো কোনোকিছু নিয়ে সমঝোতা হয়নি। বাস্তবিক অর্থেই দুপক্ষের মধ্যে আছে অনেক ব্যবধান।
তবে শেষ পর্যন্ত একটি চুক্তি করটাই আলোচনার লক্ষ্য বলে জানিয়েছেন তারা।
