যুক্তরাষ্ট্র-রাশিয়া বিভক্তিতে পিছালো সিরিয়া শান্তি সম্মেলন
সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হতে না পারার কারণে এ সংকট নিরসরে শান্তি সম্মেলনের তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।
জানা গেছে, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের পর ইরানের ভূমিকা কী হবে আর সিরিয়ার বিরোধী দলের প্রতিনিধিত্ব কারা করবে, এ দুটি বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা না হওয়ায় তারিখ নির্ধারণ ঝুলে গেছে।
মঙ্গলবার এ খবর জানিয়েছেন জাতিসংঘ-আরব লিগ নিয়োজিত সিরীয় শান্তিদূত লাখদার ব্রাহিমি।
জাতিসংঘের জেনেভা দপ্তরে যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদের সঙ্গে সম্মেলনের বিষয়ে আলোচনা চলছে। এই আলোচনায় সভাপতিত্ব করছেন লাখদার ব্রাহিমি।
সভায় দুই বিশ্ব শক্তির মধ্যে সমঝোতা না হওয়ায় তারিখ নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আজ আমরা একটি তারিখ ঘোষণা করতে পারবো বলেই মনে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পারিনি।”
“তবে চলতি বছর শেষ হওয়ার আগেই সম্মেলন আয়োজনের জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা,” বলেন তিনি।
বিস্তৃত পরিসরে আরো বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন বিষয়ে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে সম্মেলনের রুপরেখা নিয়ে আলোচনা করেছেন ব্রাহিমি।
নভেম্বরের ২৫ তারিখে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি।
এই বৈঠকের আগে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী দলগুলো সম্মেলনে কারা তাদের প্রতিনিধিত্ব করবে সেই বিষয়ে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “সিরিয়ার বিরোধী দলগুলো খুব, খুব কঠিন সময় পার করছে। তারা বিভক্ত। কারো কাছে এটি আর গোপন নেই। তারা যত ধরনের সমস্যা আছে সবগুলোর মুখোমুখি হচ্ছে, তাই তারা প্রস্তুত নয়।”
ব্রাহিমির সঙ্গে আলোচনায় রাশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করছেন রুশ উপপররাষ্ট্র মন্ত্রী গেন্নাদি গাতিলভ ও তার সহকর্মী উপপররাষ্ট্র মন্ত্রী মিখাইল বোগদানভ।
আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আছেন দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এবং সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড।
