মিশরে জনপ্রিয় কমেডি শো’র সম্প্রচার বন্ধ
মিশরের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাসিম ইউসুফের জনপ্রিয় কমেডি শো সম্প্রচারের মাত্র কয়েক মিনিট আগে বন্ধ করে দেয়া হয়েছে।
সিবিসি নামে ওই চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়, ইউসুফ সম্পাদনা নীতি অনুসরণ করেননি এবং আরো অতিরিক্ত অর্থ চেয়েছেন।
মাত্র এক সপ্তাহ আগেই ইউসুফ তার অনুষ্ঠানে দেশটির ক্ষমতাশালী সেনাবাহিনীকে খোঁচা দিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক কথা বলেছিলেন বলে বিবিসি জানিয়েছে।
শুক্রবার বিকালে একটি বিবৃতিতে সিবিসি চ্যানেল তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।
এই সিদ্ধান্ত কথা বলার স্বাধীনতার বিষয়টিকে গভীর উদ্বেগের মধ্যে ফেলে দেবে। বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানটির সর্বশেষ পর্বে উপস্থাপক এবং প্রয়োজক ‘সম্পাদনা নীতি লঙ্ঘণ করেছেন।‘
তবে কি ধরণের সম্পাদনা নীতি লঙ্ঘণ করা হয়ছে সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত অনুষ্ঠানটির প্রচার বন্ধ রাখা হবে।
গত সপ্তাহের অনুষ্ঠানে ইউসুফ সেনাবাহিনী এবং এর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। বিতর্কিত উপস্থাপক ইউসুফ জেনারেলের ছবি দিয়ে তৈরি চকলেট বার নিয়ে কৌতুক করেন।
অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের কাছ থেকে অনেক অভিযোগ আসে। পরে মিশরের পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিয়ে তদন্তর নির্দেশ দেন।
মার্চে ইসলাম এবং তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপমান করার কথিত অভিযোগে প্রসিকিউটরদের জেরার মুখে পড়তে হয়েছিল ইউসুফকে। পরে তিনি জামিনে মুক্তি পান। তার অনুষ্ঠানটিও তখন নিষিদ্ধ করে দেয়া হয়েছিলো। তবে এপ্রিলে দেশটির একটি আদালত অনুষ্ঠানটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।
জুলাইয়ে সেনাবাহিনীর দ্বারা ক্ষমতাচ্যূত হন মুরসি।
বাসিম ইউসুফ একজন চিকিৎসক। দেশের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বিদ্রুপমূলক একটি অপেশাদার ভিডিও ইন্টারনেটে পোস্ট করার পর তার অনেক অনুসারী জুটে যায়, যা মিশরের স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলনকে গতিশীল করে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে মুবারকের পতন হয়।
