ইন্দিরা হত্যার জেরে ‘শিখ গণহত্যা’র তদন্ত দাবি
১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি নিহত হওয়ার জের ধরে শিখদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতাকে ‘গণহত্যা’ দাবি করে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাস করা হাজার হাজার শিখ।
এই দাবিতে শুক্রবার তারা সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে, জানিয়েছে দ্য ডন।
১৯৮৪ সালে তৎকালীন শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমনে শিখদের পবিত্র স্বর্ণ মন্দিরে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা। ওই অভিযানের জেরে নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন ভারতের এই জনপ্রিয় প্রধানমন্ত্রী।
এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সৃষ্ট সহিংসতায় ইন্দিরা ভক্তদের হামলায় ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত শিখ সম্প্রদায়ের তিন হাজার মানুষ নিহত হন। তবে ভারতজুড়ে ওই সহিংসতায় ৩০ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছিল বলে দাবি করেছে শিখ আন্দোলনকারীরা।
২৯ বছর আগের এই হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত গণহত্যা দাবি করেছে আন্তর্জাতিক শিখ আন্দোলনকারীরা। আর ওই হত্যাকাণ্ডের জন্য সাম্প্রদায়িক সহিংসতাকে দায়ী করেছে ভারত সরকার।
সমাবেশে ইউরোপ, উত্তর আমেরিকা, ভারত, হংকং ও অস্ট্রেলিয়া থেকে ১০ হাজার শিখ যোগ দিয়েছে বলে দাবি করেছে নিউইয়র্কভিত্তিক শিখ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’, আর জেনেভা পুলিশ জানিয়েছে, সমাবেশে ৪ হাজারের মতো লোক হয়েছিল।
শুক্রবার সকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরে নিজেদের দাবির বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে ‘শিখ ফর জাস্টিস’। পিটিশনে দশ লাখ মানুষ সই করেছে বলে জানিয়েছে সংগঠনটি।
পিটিশন জমা দেয়ার পর সংগঠনটির উদ্যোক্তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
জমা দেয়া পিটিশনটির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জেনেভায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা।
