২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্রোন হামলায় নিহতের সংখ্যা ৬৭’

২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৬৭ জন সাধারণ পাকিস্তানি নিহত হয়েছেন বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

পাকিস্তান সরকারের দেয়া সাধারণ মানুষের নিহত হওয়ার এই সংখ্যা স্বাধীন সংস্থাগুলোর দাবি করা সংখ্যার চেয়ে অনেক কম বলে বিবিসি জানিয়েছে।

সরকার আরো জানিয়েছে, একই সময়ের মধ্যে ৩১৭ দফা ড্রোন হামলায় ২ হাজার ১৬০ জন বিদ্রোহী জঙ্গি নিহত হয়েছে।

পাকিস্তানের সিনেট পরিসংখ্যান জানতে চাইলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার লিখিতভাবে এই পরিসংখ্যান দাখিল করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২০১২ সালের শুরু থেকে এ পর্যন্ত চালানো ড্রোন হামলায় কোনো সাধারণ মানুষের প্রাণহানি হয়নি।

যুক্তরাষ্ট্র ড্রোন হামলার পক্ষে সাফাই গেয়ে জানিয়েছে, এই হামলা চালানোর সময় আন্তর্জাতিক আইন মান্য করার ব্যাপারে তারা অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করা হয়।
পাকিস্তানের পক্ষ থেকে দেয়া সর্বসাম্প্রতিক এই পরিসংখ্যান পূর্ববর্তী হিসাব থেকে নাটকীয়ভাবে অনেক অনেক কম। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

পাকিস্তানে ড্রোন হামলা নিয়ে গবেষণা করছে লন্ডনের ব্যুরো অব ইনভেস্টিগেশন। প্রতিষ্ঠানটি বিবিসিকে জানিয়েছে, তারা বিভিন্ন প্রতিবেদন থেকে হিসাব করে দেখেছেন ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে চালানো ড্রোন হামলায় ৩০৮ থেকে ৭৮৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে ড্রোন হামলায় মোট নিহতের সংখ্যা ২৩৭১ থেকে ৩৪৩৩ জন।

সম্প্রতি জাতিসংঘের তদন্তকারী বেন ইমারসন চলতি মাসে বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ২০০৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় দেশটির অন্ততপক্ষে ৪শ’ সাধারণ মানুষ নিহত হয়েছেন।

এরআগে ইমারসন অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র প্রাণঘাতী শক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক আইনকে চ্যালেঞ্জ করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ওবামার প্রতি ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। শরিফ দাবি করেছেন, এ ধরনের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘণ।
যুক্তরাষ্ট্র আল কায়েদা ও তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে চালকহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের এই গোপন ড্রোন হামলা সম্পর্কে খুব কমই তথ্য জানা সম্ভব হয়। দূরনিয়ন্ত্রিত মাধ্যমে প্রায়ই অন্য মহাদেশ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।