প্রদর্শনীতে বিশ্বের অন্যতম মহামূল্যবান অলঙ্কার
ইতালির নেপলসের সান জিনারো গির্জার সংগ্রহশালায় রক্ষিত বিশ্বের অন্যতম মহামূল্যবান অলঙ্কারের এক অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মূল্যে এসব অলঙ্কার ব্রিটিশ রাজপরিবার ও রাশিয়ার জারের মহামূল্যবান অলঙ্কারের প্রতিদ্বন্দ্বি বলে প্রচলিত ধারণা।
ইতালির রাজধানী রোমের একটি জাদুঘরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
সশস্ত্র রক্ষীদের কড়া পাহারায় সান জিনারো গির্জার সংগ্রহশালার ৭০টি রত্নখচিত অলঙ্কার রোমের ওই জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে।
এসব অলঙ্কারের মধ্যে রয়েছে বহু রত্ন খচিত একটি বিশপ মুকুট এবং হাজার হাজার রত্ন খচিত একটি বড় নেকলেস। এসব রত্ন ইউরোপের রাজারা গির্জাটিতে দান করেছিলেন।
এই প্রদর্শনীর প্রধান আকর্ষণ বিশপের মুকুটটি। ৩ হাজার ৯শ’ ৬৪টি হীরা, পান্না ও রুবী দিয়ে এটি অলঙ্কৃত। বার্ষিক উৎসবের সময় প্রধান যাজক সেইন্ট সান জেনারো এটি ব্যবহার করতেন।
মধ্যযুগের কয়েক শতাব্দি ধরে সান জিনারো গির্জাকে দান করা বিভিন্ন অলঙ্কার, মূর্তি ও মূল্যবান ধর্মীয় উপকরণ (যেমন, স্বর্ণের পানপাত্র) বেশিরভাগ সময়ই গির্জার একটি ভল্টে মানুষের চোখের আড়ালে রেখে দেয়া হয়েছিল।
প্রদর্শনীটির আয়োজনকারী সংস্থা রোম ফাউন্ডেশনের প্রধান ইমান্যুয়েল ইমান্যুয়েল সাংবাদিকদের বলেছেন, “ইতিহাস এবং শৈল্পিক উভয় বিবেচনায় এসব অলঙ্কারের মূল্য নির্ধারণ অসম্ভব।”
