চীনে দুর্নীতিবিরোধী আন্দোলকারীদের বিচার শুরু
চীনে দুর্নীতিবিরোধী আন্দোলন ‘নতুন নাগরিক আন্দোলন’র আটক তিনকর্মীর বিচার শুরু করেছে দেশটির বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার জিয়াংশি প্রদেশের একটি আদালতে তাদের বিচার শুরু হয়েছে।
সরকারিভাবে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হলেও সাম্প্রতিক মাসগুলোতে ১৫ জনেরও বেশি দুর্নীতিবিরোধী আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে চীনা কর্তৃপক্ষ। এই প্রথম এদের কারো বিরুদ্ধে আনা অভিযোগের বিচার শুরু হল।
বিচারের মুখোমুখি হওয়া লিউ পিং, লি সিহুয়া ও বেই ঝংপিংকে এপ্রিলের শেষ দিকে জিয়াংশির শিনুয়ু থেকে গ্রেপ্তার করা হয়।
অপরাধ প্রমাণিত হলে তাদের পাঁচ বছরের সাজা হতে পারে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন তিন আন্দোলনাকারী।
‘নতুন নাগরিক আন্দোলন’র কর্মীরা সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব দাখিল করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এতে চীনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
