২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বিনামূল্যে পরিবহনের দাবিতে বিক্ষোভ

বিনামূল্যে গণপরিবহনের দাবিতে ব্রাজিলের সাও পাওলো শহরের একটি বাসস্ট্যান্ডে হামলা চালিয়েছে কয়েকশ’ প্রতিবাদকারী। তারা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং টাকা ও টিকিট মেশিন ভেঙ্গে ফেলে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

পরবর্তী সময়ে দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয় জনকে গ্রেপ্তার করা হয় বলে বিবিসি জানিয়েছে।

জুন থেকে সাও পাওলোতে পরিবহনের উচ্চ ভাড়া সেখানকার অধিবাসীদের ক্ষুব্ধ করে তোলে। যা পরে পুরো ব্রাজিলে ছড়িয়ে পড়ে।

শুক্রবার প্রেসিডেন্ট দিলমা রৌসেফ শহরটির গণপরিবহনের উন্নতির পরিকল্পনা ঘোষণা করেন। এজন্য ২.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

ওই অর্থের বেশি ভাগ শহরের রেল লাইন ও সংযোগ সড়ক বিস্তার এবং সাও পাওলো বিমানবন্দরের দিকে যাওয়ার নতুন রাস্তা নির্মাণে ব্যয় হবে।

রৌসেফ বলেন, “আমাদের বড় শহরগুলোর যেসব গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সেগুলো মোকাবেলায় প্রজাতান্ত্রিক এবং রাজ্য সরকার এক সঙ্গে কাজ করবে। শহরের যোগাযোগ ব্যবস্থা বড় সমস্যাগুলোর একটি।“

রৌসেফের এই ঘোষণার পরপরই প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসে।

তিনঘণ্টা ধরে শহরজুড়ে মিছিলের মধ্যদিয়ে শুক্রবারের প্রতিবাদ কার্যক্রম শুরু হয়।

পুলিশ জানায়, প্রতিবাদকারীদের একটি অংশ শহরের কেন্দ্রের একটি বাস টার্মিনাল ঘিরে ফেললে সংঘর্ষ শুরু হয়।

ব্রাজিলের একটি পত্রিকা জানায়, এক পর্যায়ে প্রতিবাদকারীদের ছোঁড়া পাথরে পুলিশের একজন কর্নেল আহত হন। পরে অন্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে। এরপর পুলিশ তাদের অভিযান শুরু করে।

ব্রাজিলে সম্প্রতি জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে দুর্বল গণপরিবহন ব্যবস্থা, দুর্নীতি এবং সরকারি অর্থের অপব্যবহারের বিরুদ্ধে জুন থেকে দেশটিতে প্রতিবাদের ঝড় ওঠে।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক ব্রাজিল। এতো বড় একটি আয়োজনের মাত্র কয়েক মাস আগে রাস্তায় এই ধরনের প্রতিবাদ দেশটির সরকারকে বিপাকে ফেলে দিয়েছে।