অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণে ১৮ জনের মৃত্যু
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ভারতের অন্ধ্র প্রদেশের অনেক এলাকায় ভারী বর্ষণ হচ্ছে। গত চারদিনে বৃষ্টিপাতের কারণে হওয়া দূর্যোগে অন্ততপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন।
শুধু উপকূলীয় এলাকায় নয় বরং রায়ালাসিমা এবং তেলেঙ্গানাতেও ভারী বর্ষণ হচ্ছে। বন্যার তোড়ে বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেশকিছু এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া শুরু করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।
বিভিন্ন স্থানে কয়েকশ’ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৭ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
রাজ্যজুড়ে আগামী ৪৮ ঘণ্টা আরো বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
হায়দরাবাদে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ হয় উঁচুস্থানে অথবা যেখানে কম বন্যা হয়েছে সেখানে সরে গেছে।
এনডিটিভির ভিডিওফুটেজে দেখা গেছে, সারোরনগর এলাকায় আদিবাসী বালকদের একটি হোস্টেল পানিতে ডুবে গেছে। অল্প সংখ্যক বালক সেখান থেকে সরে যেতে সক্ষম হলেও বেশিরভাগই সেখানে কোনো রকম খাদ্য এবং সাহায্য ছাড়া রয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের বই, কাপড়, বিছানা সব ভিজে গেছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১২টি দল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় কাজ করছে।
শ্রিকাকুলাম এবং গান্তার জেলা থেকেই মূলত ৬৭ হাজার মানুষকে উদ্ধার করে ১৩৫টি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
প্রায় চার হাজার সাতশ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া প্রায় ৪.৩৫ লাখ হেক্টর জমির ফসল-মূলত ধান এবং তুলা, তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ৮শ’ কিলোমিটারের বেশি রাস্তা।
