‘বিশ্বের ৩৫ নেতার ফোনে আড়িপেতেছিল যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্র বিশ্বের ৩৫ জন নেতার ফোনে আড়িপেতেছিল বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেন।
যুক্তরাজ্যের পত্রিকা গার্ডিয়ান এর ওয়েবসাইটে বৃহস্পতিবার এ সংবাদ প্রকাশ করা হয়।
স্নোডেনের ফাঁসকরা নথিপত্র থেকে জানা যায়, সরকারি অন্য একটি অধিদপ্তরের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) ফোন নম্বরগুলো হস্তান্তর করে।
নথি থেকে আরো জানা যায়, বিদেশি রাজনীতিবিদদের বিস্তারিত যোগাযোগের তথ্যগুলো হোয়াইট হাউজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পেন্টাগনের কর্মীদের মধ্যে ভাগ করে নেয়ার আহ্বানও জানানো হয়।
গার্ডিয়ান জানায় ২০০৬ সালের অক্টোবরের তারিখ দেয়া একটি গোপন মেমোতে ছিল, “সাম্প্রতিক একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিশ্বের ৩৫ জন নেতার ২০০টি ফোন নম্বর এনএসএ কে সরবরাহ করেছে।”
তবে ওই নেতাদের পরিচয় গার্ডিয়ান প্রকাশ করেনি।
এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের একজন মূখপাত্র বলেন, “আমরা আমাদের গোয়েন্দা সংস্থার সব ধরণের কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে যাচ্ছি না। আর যদি নীতির প্রশ্ন ওঠে তবে আমরা পরিষ্কার করে জানাতে চাই, অন্যান্য দেশ যে ধরনের বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রও সেই ধরনের তথ্য সংগ্রহ করেছে।“
সম্প্রতি খবর বের হয়েছে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ফোনে ওয়াশিংটন আড়িপেতেছিল। এ ব্যাপারে কৈফিয়ত চাওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে জার্মান কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে এক দশকের মধ্যে মিত্র এই দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়।
হোয়াইট হাউজ আড়িপাতার বিষয়টি অস্বীকার না করে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
